সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তির পথে ভারত-আমেরিকা! এবার তেমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, বাণিজ্য চুক্তির খুব কাছে পৌঁছে গিয়েছে দুই দেশ। সবকিছু ঠিকঠাক থাকলে ভারতের উপর থেকে শুল্ক প্রত্যাহার করে নেওয়া হবে।
সার্জিও গোরেকে ভারতের নয়া রাষ্ট্রদূত হিসেবে পাঠাচ্ছে আমেরিকা। সোমবার ওভাল অফিসে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ”আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করতে চলেছি। যা আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হতে চলেছে। এই মুহূর্তে ওরা আমাদের ভালোবাসে না ঠিকই, তবে ওরা আবার আমাদের ভালোবাসবে।” ট্রাম্প আরও বলেন, “আমাদের আগের চুক্তিটি অন্যায্য ছিল। এবার আমরা একটি ন্যায্য চুক্তি করছি।” এরপর মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্টের দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, “স্কট আমার মনে হয় আমরা এমন একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি যা সবার জন্য ভালো হবে, তাই না?”
শুধু তাই নয়, ভারতীয় পণ্যে শুল্ক কমানোর ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “রাশিয়ার থেকে তেল কেনার কারণে এই মুহূর্তে ভারতের উপর অনেক বেশি চাপানো হয়েছে। তবে আমাদের আবেদন মেনে ওরা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। ফলে আমরাও শুল্ক কমাতে চলেছি। এক পর্যায়ে, আমরা বাড়তি শুল্ক কমিয়ে আনব।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেকদূর অগ্রসর হয়েছে। যদিও সেখানে কিছু সংবেদনশীল এবং গুরুতর বিষয় রয়েছে যা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। তাই এই সমস্ত বিষয়ে আলোচনা কিছুটা সময়সাপেক্ষ। তবে আলোচনা যে খুব ভালোভাবে এগোচ্ছে সেকথাও জানান গোয়েল। বাণিজ্য ইস্যুতে দীর্ঘ সংঘাতের পর অবশেষে বাণিজ্য চুক্তি ও শুল্ক কমানোর বিষয়ে সদর্থক বার্তা এল ট্রাম্পের তরফেও।
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতিই তো প্রাণ! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই