সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত বিদ্বেষ ও পহেলগাঁওয়ে জঙ্গি পাঠিয়ে ২৬টি নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার পুরস্কার! পাক সেনাপ্রধান আসিম মুনিরকে আরও বড় পদে বসালেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত হলেন মুনির। এটাই পাকিস্তানের সর্বোচ্চ সামরিক পদ। বস্তুত, ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ায় জল, স্থল এবং নৌ-তিন সেনারই নিয়ন্ত্রণ চলে এল মুনিরের হাতে।
এমনিতে মুনির শাহবাজ শরিফের ঘনিষ্ঠ। ইমরান খানকে সরিয়ে শাহবাজ শরিফকে পাক প্রধানমন্ত্রীর মসনদে বসানোর নেপথ্যেও এই মুনিরের হাত রয়েছে বলে শোনা যায়। সেই মুনিরকে এবার পুরস্কার দিচ্ছেন শরিফ। পাক প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “মন্ত্রিসভার বৈঠকে আসিম মুনিরের পদন্নোতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শরিফের নেতৃত্বে সেই প্রস্তাবে সিলমোহর পড়েছে।”
বস্তুত, ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান বরাবর নিজেদের জয় দাবি করে আসছে। সেনাকে ধন্যবাদ জানিয়ে ‘ইউম-ই-তাশাকুর’ বা ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানও করেছে পাক সরকার। আসলে ভারতের অপারেশন সিঁদুরে নাস্তানাবুদ হওয়া পাকিস্তান মোটেই নিজেদের হতশ্রী দশা মেনে নিতে চায় না। উলটে সাম্প্রতিক সংঘর্ষে নিজেদের জয় হিসেবেই বারবার মুখে তুলে ধরেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তা আরও বেশি করে প্রতিষ্ঠার লক্ষ্যেই মুনিরকে ‘পুরস্কার’ দেওয়া হচ্ছে। যাতে বিশ্বের কাছে প্রতিষ্ঠা করা যায় যে যুদ্ধে জিতেছে পাকিস্তানই। পাক স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, যুদ্ধ পরিস্থিতিতে সেনাকে যোগ্য নেতৃত্ব দেওয়ার পুরস্কার স্বরূপ ফিল্ড মার্শালের পদ পাচ্ছেন আসিফ।
অবশ্য পহেলগাঁও হামলার পরই অবশ্য বিভিন্নভাবে মুনিরের ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত ৯ মে সেনাপ্রধানের হাত শক্ত করতে একটি তাৎপর্যপূর্ণ রায় দেয় পাকিস্তানের সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়, এবার থেকে সেনা আদালতে সাধারণ নাগরিকদের মামলারও শুনানি করা যাবে। যার অর্থ, দেশের বিচারব্যবস্থা এবং সামরিক শক্তি পুরোটাই এখন মুনিরের হাতে। এ হেন ভারত বিদ্বেষী সেনাকর্তা যেভাবে শক্তিশালী হচ্ছে, তাতে আগামী দিনে পাকিস্তানের ভারত বিরোধী কার্যকলাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
অমানিশার শেষ, টলিউডের ‘স্বরূপ’
-
খামেনেইয়ের কাছে বার্তা নিয়ে হাজির পাক স্বরাষ্ট্রমন্ত্রী, ইরানের সম্পত্তিতেই ক্ষতিপূরণের ভাবনা ট্রাম্পের
-
চাকরি দেওয়ার নামে কাটমানি! তৃণমূল সাংসদ ও বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের
-
এবার কি প্রতীক হাতছাড়া হতে পারে তৃণমূলের! বিরোধী দলের রাশ নিয়ে মামলা কাল, কৌশলী ঋতব্রত শিবিরও
-
পুরসভার বালতি চুরি! কাঠগড়ায় প্রাক্তন মেয়র পারিষদ তারক সিংয়ের মেয়ে, ফুঁসছে এলাকাবাসী