কোনও মতেই পরমাণু বোমা থাকা উচিত নয় ইরানের কাছে, এই বিষয়ে একমত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প দাবি করেছেন, ইরানের কাছে পারমাণবিক বোমা থাকা যে বিপজ্জনক, এই বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠকে একমত হয়েছেন চিনা প্রেসিডেন্ট। জিনপিংয়ের সঙ্গে বহু প্রতিক্ষিত বৈঠক ফলপ্রসু হয়েছে বলেই দাবি করেছেন তিনি। যদিও তাইওয়ান দ্বন্দ্ব মেটেনি বলেই জানা গিয়েছে।
ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা বেজিং। তারা তেহরানের উপর প্রভাব খাটিয়ে আমেরিকার সঙ্গে সংঘাতের অবসান ঘটায় কিনা, সেটাই এখন দেখার। ট্রাম্প দাবি করেছেন, অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত, হরমুজ প্রণালী উন্মুক্ত হওয়া উচিত, ইরানের কাছে পরমাণু বোমা থাকা উচিত নয়, এই বিষয়গুলিতে একমত হয়েছে চিন। তিনি আরও দাবি করেছেন, “আমরা এমন অনেক ধরনের সমস্যার সমাধান করে ফেলেছি যা অন্যেরা পারত না।” মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, জিনপিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ, বাণিজ্য এবং তাইওয়ান দ্বন্দ্ব নিয়েও কথা হয়েছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে পাশে বসিয়ে চিন প্রেসিডেন্ট জিনপিং দাবি করেছেন, “অসাধারণ একটা মুহূর্ত। আশা করি, আগামী দিনে আমাদের দু’দেশের মধ্যে আরও ভালো কিছু হবে। আরও অনেক বিষয়ে আমরা পারস্পরিক সম্পর্ক মজবুত করে তুলব।” যদিও সরাসরি ইরান নিয়ে কিছু বলতে চাননি চিনের প্রেসিডেন্ট। পরে চিনের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়, “এই (আমেরিকা-ইরান) সংঘাত, যা কখনই হওয়া উচিত হয়নি, তা দিনের পর দিন ধরে চলতে থাকারও কোনও অর্থ নেই।”
উল্লেখ্য, বুধবার তিন দিনের চিন সফরে বেজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক দফায় চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারেন তিনি। এরপর শুক্রবারও বৈঠক করেন দুই রাষ্ট্রনেতা। প্রথম দফায় আলোচনার পরেই জিনপিংকে প্রশংসায় ভরান ট্রাম্প। বলেন, জিনপিং একজন ‘অসাধারণ নেতা’।
সর্বশেষ খবর
-
দুই ‘সেরা’ গোলের ম্যাচে বাজিমাত ‘গোলদস্যু’ হালান্ডের, প্রি কোয়ার্টারে ব্রাজিলের সামনে নরওয়ে
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?