ভ্রমণপ্রেমী মানুষকে প্রণয়সঙ্গী হিসেবে বেছেছেন? জানেন, কোন উপহারে জিতে নিতে পারবেন মন?
পাহাড়-সমুদ্র-জঙ্গল যে মানুষের প্রথম ভালোবাসা, তাকে কী উপহার দেওয়া চলে, তা রীতিমতো মাথা ঘামানোর বিষয় বটে! তবে তাকে আজীবনের মতো প্রেমের বাঁধনে আবদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ। উপহারটি হোক এমন যেকোনও জিনিস, যা তার ভবিষ্যতের ট্রাভেল অ্যাডভেঞ্চারকে সহজ করে তুলবে। হয়ে উঠবে পছন্দের ‘ট্রাভেল এসেনশিয়াল’। রইল তেমনই কিছু গিফটিং আইডিয়ার সন্ধান।
আরও পড়ুন:
অ্যাপেল এয়ারট্যাগ
জিনিসভর্তি স্যুটকেস বা ব্যাকপ্যাক হারিয়ে যায়নি তো? ভ্রমণপ্রেমীদের সবচাইতে বড় ভয় বোধহয় এখানেই। স্যুটকেসের সঙ্গে যদি অ্যাপেল এয়ারট্যাগ লাগিয়ে রাখা যায়, তবে তা ‘ফাইন্ড মাই অ্যাপ’-এর সাহায্যে দূর থেকেও ট্র্যাক করা যাবে। অর্থাৎ প্লেন, ট্রেন বা দূরপাল্লার বাসে লাগেজটি যত দূরেই থাক না কেন, হদিশ থাকবে পর্যটকের হাতের মুঠোতেই।

‘রিফ্রেশিং’ সুগন্ধী
বেড়াতে বেরিয়ে সচরাচর জামাকাপড় কাচার সুযোগ মেলে না। তাছাড়া সারাদিনের ঘোরাঘুরিতে সহজেই ঘাম হয়। সঙ্গে যদি ‘সাইট্রাস-ফ্লোরাল’ নোটের পারফিউম থাকে, তবে অনেকখানি রেহাই মিলতে পারে। পাতিলেবু, কলমালেবুর ফুল অথবা ল্যাভেন্ডারের গন্ধ বহুক্ষণ পর্যন্ত থেকে যায়। ভিতর থেকে তরতাজা অনুভব করায় পর্যটককে।
স্টাইলিশ টোট ব্যাগ
সঙ্গের ভারী লাগেজ নামিয়ে রেখে, কেবলমাত্র সারাদিনের প্রয়োজনীয় টুকিটাকি জিনিস নিয়ে বেরিয়ে পড়তে পছন্দ করেন ভ্রমণপ্রেমীরা। সঙ্গীকে দিন এমন টোট ব্যাগ, যা কাজের তো বটেই। দেখতেও স্টাইলিশ। তাঁর মুখে আপনার বিচক্ষণতার তারিফ পাক্কা!

সঠিক সানস্ক্রিন
দূষণ-ধোঁয়া-ধুলো অথবা সূর্যের ক্ষতিকারক রশ্মি সরাসরি ত্বকে লাগলে দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা থেকে যায়। সঙ্গীকে উপহার দিন এসপিএফ ফিফটি অথবা সেভেন্টি-যুক্ত সানস্ক্রিন। ট্রিপের শেষেও ত্বক যেন থাকে একইরকম জেল্লাদার।

ভালো মানের ইয়ারপড
অনেকেই বেড়াতে গিয়ে পছন্দসই গান শুনতে ভালোবাসেন। অনেকে আবার চোখে যা দেখছেন, অন-কল ভাগ করে নিতে চান সঙ্গীর সঙ্গে। এমন মানুষকে উপহার হিসেবে দেওয়াই যায় ভালোমানের ইয়ারপড। ঝাড়া হাত-পা হয়ে ঘুরতে ঘুরতে গান শুনুক, গল্প করুক সে মানুষ।
আরামদায়ক স্নিকার্স
প্রচুর পথ হাঁটতে হলে, পায়ের আরামের কথা তো ভাবতেই হবে। সঠিক সাইজের ও উন্নতমানের প্যাডযুক্ত স্নিকার্স যদি সঙ্গে থাকে, তাহলে যেকোনও পথকেই মসৃণ মনে হয়। দিনশেষে পায়ের ব্যাথার ঝামেলাও থাকে না। তাই আপনার সঙ্গীর শখ যদি হয় ট্রেকিং, বেছে নিন সঠিক স্নিকার্স।

উলটোদিকের মানুষটি লম্বা ট্যুর পছন্দ করুক, অথবা সপ্তাহান্তের ছোট্ট ট্রিপ, উপহার হোক একইসঙ্গে প্রয়োজনের ও পছন্দের। আর তার ফলস্বরূপ প্রেম দীর্ঘস্থায়ী হোক আরও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের