Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৩০ আগস্ট ২০২৬
IRCTC

উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি

১১ দিন ও ১০ রাতের এই সুদীর্ঘ ভ্রমণে পর্যটকরা উত্তর-পূর্বের অনন্য রূপ-রস-গন্ধ আস্বাদন করার সুযোগ পাবেন। কী কী সুবিধা থাকছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ০৯:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩০, ২০২৬, ০৯:০৯

options
link
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি zoom
প্যাকেজে কী কী থাকছে?
Advertisement

পাহাড়ের বুক চিরে নেমে আসা মেঘের দল। পাইন বনের লুকোনো সুবাস। আর বরফাবৃত শৃঙ্গের নিস্তব্ধ আহ্বান। সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারত বরাবরই ভ্রমণপিপাসুদের একান্ত স্বপ্নের ঠিকানা। সেই স্বপ্নকে এবার বাস্তব রূপ দিতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) নিয়ে এল এক বিশেষ সফরসূচি। অসম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ—এই তিন রাজ্যকে একই সুতোয় বাঁধতে চালু হল ‘দ্য গ্রিন এস্কেপ – ৩ স্টেটস, এক্স গুয়াহাটি’ প্যাকেজ। ১১ দিন ও ১০ রাতের এই সুদীর্ঘ ভ্রমণে পর্যটকরা উত্তর-পূর্বের অনন্য রূপ-রস-গন্ধ আস্বাদন করার সুযোগ পাবেন।

ছবি: সংগৃহীত

প্যাকেজে কী কী থাকছে?
গুয়াহাটি থেকে শুরু হওয়া এই যাত্রা যেন এক রূপকথার সরণি। কামাখ্যা দেবীর পুণ্যভূমি দর্শন ও উমিয়াম হ্রদের নীল জলরাশি পেরিয়ে পর্যটকদের গাড়ি এগোবে মেঘালয়ের পাহাড়ের কোল ঘেঁষে। পরবর্তী গন্তব্য ‘মেঘের দেশ’ শিলং এবং চিরসবুজ চেরাপুঞ্জি। এলিফ্যান্ট ফলস, নোওকালিকাই জলপ্রপাতের গর্জন, এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং এবং ডাউকির স্ফটিকস্বচ্ছ উমনগোট নদী—সব মিলিয়ে প্রকৃতির এক মায়াবী ক্যানভাস। ডাউকিতে বাংলাদেশ সীমান্তের ছোঁয়া মেখে সফর এগোবে কাজিরাঙার অভয়ারণ্যের দিকে।

Advertisement
ছবি: সংগৃহীত

কাজীরাঙার একশৃঙ্গ গণ্ডারের রাজ্য পেরিয়ে ভ্রমণের পরের অধ্যায় অরুণাচল প্রদেশের হিমশীতল রোমাঞ্চ। কাজিরাঙা থেকে ছায়াঘেরা দিরং হয়ে যাত্রা পৌঁছাবে তওয়াংয়ে। সেলা পাস, জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল এবং জং ফলসের মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে তওয়াং পৌঁছানো যেন এক অন্য অনুভূতি। তওয়াংয়ে সময় পাওয়া যাবে টানা দুই দিন। সেখানকার ঐতিহাসিক তওয়াং মঠ, সাংগেস্টার (মাধুরী) লেক এবং বুম লা পাস পর্যটকদের মন ছুঁতে বাধ্য। ভারতীয় সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে চীন সীমান্ত দর্শনের সুযোগও রয়েছে। পাহাড় ও মেঘের লুকোচুরি শেষে পুনরায় গুয়াহাটি ফিরে ইতি টানবে এই স্মরণীয় সফর।

কী কী সুবিধা পাবেন?
সপ্তাহের প্রতি মঙ্গলবার গুয়াহাটি থেকে এই ট্যুর শুরু হবে। থাকা-খাওয়া এবং যাতায়াতের সম্পূর্ণ দায়িত্ব আইআরসিটিসির। ১০ রাতের জন্য আরামদায়ক হোটেল, প্রাতরাশ ও নৈশভোজ, যাতায়াত ও দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য ট্যুরিস্ট গাড়ি, ট্রাভেল ইন্স্যুরেন্স, ইনার লাইন পারমিট এবং জিএসটি এই প্যাকেজের অন্তর্ভুক্ত।

ছবি: সংগৃহীত

খরচ কত?
একক পর্যটকের জন্য খরচ ৭৯,০৯০ টাকা। দু’জন একসঙ্গে থাকলে মাথাপিছু খরচ ৫৫,৮৪০ এবং তিনজন থাকলে ৫১,৮৭০ টাকা। শিশুদের ক্ষেত্রে (৫-১১ বছর) শয্যাসহ খরচ ৪১,৪৫০ টাকা এবং শয্যা ছাড়া (২-৪ বছর) ৩০,৩৪০ টাকা। চারজনের দল একসঙ্গে ভ্রমণ করলে দ্বৈত ভাগে মাথাপিছু খরচ পড়বে ৫১,৪৭০ টাকা এবং ১০ জনের দল হলে বিশেষ ছাড়ে মাথাপিছু খরচ দাঁড়াবে ৪৯,১৭০ টাকা। তবে মধ্যাহ্নভোজ, উমনগোট নদীর নৌকাভ্রমণ, কাজীরাঙার সাফারি এবং বুম লা পাসের জন্য পৃথক গাড়ির খরচ পর্যটকদের নিজেদেরই বহন করতে হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.