ফুড ডেলিভারি অ্যাপ যেন স্বপ্নপূরণের চাবিকাঠি! বাড়ি বসেই অর্ডার করা যায় যেমন ইচ্ছে খাবার। আধ ঘণ্টার মধ্যেই তা হাজির হবে মুখের সামনে। তবে এইবার দেশের সবচাইতে জনপ্রিয় ফুড অ্যাপগুলির মধ্যে অন্যতম জোম্যাটো নিল এক অদ্ভুত সিদ্ধান্ত। অ্যাপটিতে এবার টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না পনিরের একাধিক পদ! কিন্তু কেন?
দেখতে হুবোহু পনিরের মতো হলেও অ্যানালগ পনির বানাতে সরাসরি তরল দুধ ব্যবহার হয় না। উদ্ভিজ্জ তেল, স্টার্চ প্রভৃতির সঙ্গে একাধিক কৃত্রিম উপাদান ও মিল্ক সলিড মিশিয়ে তৈরি হয় এই পনির। তবে দামে অনেকটাই কম আসল দুগ্ধজাত পনিরের থেকে, তাই দেশ জুড়ে বহু রেস্তরাঁ-ক্যাফেতেই ব্যবহৃত হয় অ্যানালগ পনির।
আরও পড়ুন:

স্বাদে-গন্ধে দুগ্ধজাত পনিরের থেকে অ্যানালগ পনিরের তফাৎ অনেকখানি। তবে সাধারণ মানুষের জিভে চট করে তা ধরা পড়ে না। তবে জুলাই মাসের শেষে খবরের শীর্ষে উঠে আসে এই ‘নকল’ পনিরের কথা, যখন মহারাষ্ট্রের ফুড সেফটি কমিশনার তুকারাম মুণ্ডের পাতে ঘটনাচক্রে তা পরিবেশিত হয়। এরপর থেকেই অ্যানালগ পনির বিক্রি ও তা ব্যবহার করে রান্নায় নিষেধাজ্ঞা জারি হয়।
এই ঘটনার জেরেই এবার অ্যানালগ ডেয়ারি (Analogue Dairy) প্রোডাক্টে নিষেধাজ্ঞা জারি করল অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো। তাদের প্ল্যাটফর্মে ‘অ্যানালগ ডেয়ারি’ দিয়ে তৈরি যাবতীয় খাবার নিষিদ্ধ ঘোষণা করা হল সংস্থার তরফে। জানানো হয়েছে, অ্যানালগ ডেয়ারি পণ্য ব্যবহার করা খাবার বিক্রির ক্ষেত্রে তারা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। অ্যানালগ ডেয়ারি ব্যবহার করে তৈরি খাবারের তালিকাগুলি ইতিমধ্যেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই কর্নাটক, মহারাষ্ট্র, গুজরাট, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, পঞ্জাব ও হিমাচল প্রদেশ-সহ একাধিক রাজ্যে নকল পনির তৈরি, মজুত, বিতরণ ও বিক্রির রদ করা হয়েছে।
নতুন নীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে রেস্তরাঁ পার্টনারদের অবিলম্বে কয়েকটি পদক্ষেপ নিতে বলা হয়েছে।
• এতদিন যেসব খাবার অ্যানালগ পনির দিয়ে তৈরি করা হত, তা এবার সত্যিকারের পনির দিয়ে তৈরি করতে হবে।
• তাৎক্ষণিকভাবে পরিবর্তন সম্ভব না হলে অ্যানালগ পনির-জাত খাবার মেনু থেকে সরিয়ে দিতে হবে।
• সরবরাহকারীদের দেওয়া পণ্যের লেবেল ও উপাদানের বিবরণ যাচাই করতে হবে, যাতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় এবং জোম্যাটোয় তালিকাভুক্ত খাবারের সঠিক তথ্য দেওয়া সম্ভব হয়।
আপনার পাতে থাকা পনিরটি আসল কি-না বুঝবেন কী করে?
সাধারণত রেস্তরাঁগুলিতে গ্রেভি-কোর্মা জাতীয় ঝালমশলা ভর্তি রান্নায় অ্যানালগ পনির ব্যবহার করা হয়ে থাকে, যাতে তার স্বাদ চাপা পড়ে যায়। দুগ্ধজাত পনিরের মতো সুস্বাদু নয়, এই পনির যথেষ্ট বিস্বাদ। সাধারণ পনির কোমল, অ্যানালগ পনির দুই আঙুলের মাঝে নিয়ে চাপলে কিছুটা রবারের মতো অনুভূতি হয়। পনির খেতে হলে অবশ্যই তা খাঁটি কি-না বিচার করে নিন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইপিএলের ফর্ম ফেরাল ভাগ্য, ৫ বছর পর টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘ব্রাত্য’ আরসিবি তারকার!
-
এক পাথরেই তৈরি বিশালাকার মূর্তি, পাহাড়ের কোলে মন্দিরে গণেশের রূপ দেখতে নামে ভক্তের ঢল
-
স্নানের ভিডিও তুলে লাগাতার ‘ব্ল্যাকমেল’, প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক
-
তৃণমূলের পর এনসিপিআই! কার্যালয় ফিরে পেতে আদালতে অধীর, ‘এ তো দিল্লির মসনদ’, তাজ্জব হাই কোর্ট
-
করিনা কাপুরের ছবিতে তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনা! জল্পনা বাড়তেই পরিচালক বললেন…
