রবিদুপুরেই নামল সন্ধ্যা, কালো মেঘে অঝোর বৃষ্টিতে ভাসল তিলোত্তমা
ঝড়বৃষ্টির ফলে তীব্র গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছেন আমজনতা। তবে বৃষ্টি কমলেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে সাধারণ মানুষকে।
প্রায় মিনিট চল্লিশ অঝোর বৃষ্টি হয়। সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। ঝোড়ো হাওয়া বইতেও দেখা যায়। চাঁদনি চকে গাছ ভেঙে পড়ে। তবে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বিস্তীর্ণ এলাকা। নিউটাউন, সল্টলেক থেকে কলকাতার একাধিক রাস্তা চলে গিয়েছে জলের তলায়। অল্প সময়ের বৃষ্টিতেও গোড়ালি ডোবা জল জমেছে বিভিন্ন জায়গায়। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।
আরও পড়ুন:
আচমকা এই বৃষ্টিতে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত জনজীবন। কারণ, এদিন শহরে মহা সাড়ম্বরে পালিত হয় যোগ দিবস। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় রেড রোডে। সেখানে যোগ 'শিক্ষক' ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া শহরের নানা প্রান্তে যোগ দিবসের আয়োজন করা হয়। তাতে অংশ নেন নানা প্রান্তের মানুষ। তাঁদের গন্তব্যে পৌঁছতে বাদ সাধে বৃষ্টি। ছবি: কৌশিক দত্ত।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়াতেও। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ছবি: কৌশিক দত্ত।
উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা। প্রবল বৃষ্টির আশঙ্কা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কোচবিহারে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হলুদ সর্তকতা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। ছবি: কৌশিক দত্ত।
আরও পড়ুন:
ঝড়বৃষ্টির ফলে তীব্র গরম থেকে কিছুটা মুক্তি পেয়েছেন আমজনতা। তবে বৃষ্টি কমলেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে সাধারণ মানুষকে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি বেশি। ছবি: কৌশিক দত্ত।