ব্রেকআপ গুঞ্জনের মাঝেই চাহালকে আনফলো, ‘যে বন্ধুর সঙ্গে…’, ঠিক কী বললেন মাহভাশ?
মাহভাশ এবং চাহাল একে অপরকে ‘আনফলো’ করে দেন জানুয়ারিতে।
ধনশ্রী বর্মার সঙ্গে চাহালের বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি। তাঁর নাম জড়ায় আরজে মাহভাশের সঙ্গে। যা ক্রমে মাখোমাখো সম্পর্কে পরিণত হয়। যদিও সেই প্রেমের সিলমোহর দেননি কেউই। দু'জনেই জানিয়েছিলেন, তাঁরা নিছক বন্ধু ছিলেন। তবু একাধিকবার তাঁদের লন্ডন-সহ বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল। তারপরেই চাহাল-মাহভাশের প্রেমের সম্পর্কের গুঞ্জন বাড়ে। পরবর্তীতে একে অপরকে সোশাল মিডিয়ায় ‘আনফলো’ করেছেন।
আরও পড়ুন:
এরপরেই প্রশ্ন ওঠে, দু'জনের সম্পর্কে কি ভাঙন ধরেছে? অবশেষে মুখ খুললেন মাহভাশ। এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “মানুষ ছোটখাটো বিষয় নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করে। এটা আসলে তেমন বড় কোনও ব্যাপারই নয়। বন্ধুদের মধ্যে ঝগড়া হয়। তারা একে অপরকে ফলো-আনফলো করে। ব্যস, এটুকুই। যে বন্ধুত্বে সমস্ত বিষয় নিয়ে কথা বলা যায়, সেখানে কোনও অভিমানই রাখা উচিত নয়। সবসময় ওর ভালো চাইব।”
দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে একে অন্যকে ‘ফলো’ করতেন। কিন্তু এখন আর সেটা করেন না। মাহভাশ এবং চাহাল একে অপরকে ‘আনফলো’ করে দেন জানুয়ারিতে। নেটপ্রভাবী বারিন্দর চাওলা বিষয়টি প্রকাশ্যে আনেন। তারপরই সোশাল মিডিয়ায় গুঞ্জন, তাহলে কি মাহভাশও চাহালের সঙ্গ ছাড়লেন। ইদানীং দু’জনকে একসঙ্গে দেখাও যায় না। ফলে জল্পনা আরও বাড়ছে।
এরপর চাহালকে নিয়ে আরও একটা জল্পনা শোনা যায়। তিনি নাকি তিক্ততা ভুলে প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে চলতি বছর এক রিয়্যালিটি শো’য়ে অংশ নেবেন। ‘দ্য ৫০’ নামে ওই শো’তে অংশ নেবেন ৫০ জন বিখ্যাত ব্যক্তিত্ব। ক্রীড়া, বিনোদন, নেটদুনিয়ায় বিখ্যাতদের নিয়েই এই শো তৈরি হবে। সেই জল্পনার মধ্যেই চাহাল-মাহভাশের দূরত্বের খবর। যদিও চাহাল ওই রিয়েলিটি শো-তে যোগ দেওয়ার খবর অস্বীকার করেন।
আরও পড়ুন:
প্রশ্ন হল, তাঁরা কি কেবল নিছক বন্ধু ছিলেন? নাকি বন্ধুত্বের বাইরে এই সম্পর্ক অন্য রসায়ন পেয়েছিল? এর উত্তরে মাহভাশ বলেন, “আমাদের মধ্যে তেমন কিছু ছিল না। আমি বন্ধুত্বকে খুব গুরুত্ব দিই। ও খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। সেই সময় ওর একজন ভালো বন্ধুর দরকার ছিল। এক সাক্ষাৎকারে এমন নিজেই জানায়। জানিয়েছিল, মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে, আত্মহত্যার কথাও ভেবেছিল।”
তিনি আরও বলেন, “ও যাতে সেই সময়টা ঠিকমতো কাটাতে পারে, সেই চেষ্টাই করেছি। ওর আইপিএল মরশুমটা যেন ভালোভাবে শেষ হয়, আমরা যতটা সম্ভব সাহায্য করেছি। মিডিয়া বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করে দেখিয়েছিল। সেই কারণেই অনেকের মনে হয়েছিল আমরা সম্পর্কে আছি। কিন্তু আমি কেবল একজন বন্ধুকে সাহায্য করেছি। বন্ধু হিসাবে পাশে থাকাটাই একমাত্র লক্ষ্য ছিল।”
এরপর দু'জনকে একসঙ্গে দেখে নেটদুনিয়া ধরেই নিয়েছিল, ধনশ্রীর সঙ্গে যন্ত্রণার অতীত ভুলে এবার নতুন সম্পর্কে জড়াচ্ছেন চাহাল। নাইট ম্যাচের পর থেকে মাহভাশ এবং চাহালের ঘনিষ্ঠতা আরও বেশি করে ধরা পড়তে থাকে আমজনতার নজরে। গোটা আইপিএলেই মাহভাশ ছিলেন পাঞ্জাব কিংস স্কোয়াডের সঙ্গে। কখনও টিম বাস, কখনও টিমের গেট টুগেদার-সর্বত্রই মাহভাশের উপস্থিতি।
এমনকী পাঞ্জাব কিংসের প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সেসব অতীত। ইনস্টাগ্রামে একে-অপরকে ‘আনফলো’ করার পর গীতার বাণীতে নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন চাহাল। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সবাইকে সব কিছু ব্যাখ্যা করতে যেও না। কখনও কখনও চুপ থাকাই ভালো। আর বাকিদের ভাবতে দাও যে তুমিই ভুল।’ এবার মাহভাশ ‘আনফলো এপিসোড’ নিয়ে মন্তব্য করলেন।