সন্দীপ্তা-রুকমা নন, রাহুলের সঙ্গে প্রেম ছিল মৌমিতার! মৃত্যুর ৫ মাস পর ‘গোপন’ ভিডিও ফাঁস অভিনেত্রীর
‘আমাদের প্রেমের চেয়ে বড় বিপ্লব…’, সম্পর্কের কথা স্বীকার করলেন টলি অভিনেত্রী। চেনেন মৌমিতাকে?
অতীতে সন্দীপ্তা সেন, রুকমা রায়ের সঙ্গে নাম জড়িয়েছিল রাহুলের। সেসময়ে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল অভিনেতার। তবে পরবর্তীতে সন্তানের জন্য মনোমালিন্য মিটিয়ে ডিভোর্স মামলা প্রত্যাহার করেন রাহুল-প্রিয়াঙ্কা। এবার মৌমিতার দাবি ঘিরে শোরগোল! তিনি জানিয়েছেন, মৃত্যুর দিনও রাহুলের সঙ্গে তাঁর কথা হয়েছিল। এমনকী শেষ শট দিতে যাওয়ার আগেও তালসারির সৈকতে দাঁড়িয়ে মৌমিতার সঙ্গে ফোনে কথা হয় রাহুলের।
আরও পড়ুন:
মৌমিতার শেয়ার করা এক সিসিটিভি ফুটেজ থেকেই রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হয়। যেখানে দেখা গিয়েছে, মৌমিতার গালে ভালোবেসে আবির মাখিয়ে দিচ্ছেন রাহুল। মাস কয়েকের নীরবতা ভেঙে অভিনেত্রী জানালেন, রাহুল অরুণোদয়ের সঙ্গে গভীর প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। মৌমিতার কথায়, হোলির দিন ভোর ৫টায় তাঁকে অবাক করে দিয়ে ক্লান্ত শরীরে বাইক নিয়ে তাঁর বাড়িতে হাজির হন রাহুল।
এরপর দেড়-দু'ঘণ্টা শহর ঘুরে চা খান রাহুল-মৌমিতা। সেসব স্মৃতি আউড়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী। পেশায় মডেল-অভিনেত্রী জানান, "আমার স্বামী অরিদীপ্তর মৃত্যুর পর আট বছর হোলি খেলতাম না। সেই মানসিক ট্রমা থেকে রাহুল আমাকে বের করে আনার চেষ্টা করছিল। সেদিন হলুদ রঙের আয়ুর্বেদিক আবির নিয়ে এসে আমার গালে মাখিয়ে দিয়েছিল।"
মৌমিতা এও জানান যে, তাঁর প্রয়াত স্বামীর শৈশবের বন্ধু রাহুল অরুণোদয়। অরিদীপ্তর মৃত্যুর পরই তাঁদের যোগাযোগ বাড়ে। পরবর্তীতে ডুয়ার্সে শুটিংয়ে গিয়ে পারস্পারিক নির্ভরশীলতা অনুভব করেন। কিন্তু সম্পর্ক কেন গোপন রেখেছিলেন? এপ্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে মৌমিতার মন্তব্য, "রাহুলের ইচ্ছে ছিল দু'জনে একসঙ্গে একদিন সকলকে সম্পর্কের কথা জানাবে।" এমনকী রাহুলের মৃত্যুর ঘটনার সঙ্গে এখনও যুঝে উঠতে পারেননি তিনি।
আরও পড়ুন:
মৌমিতা পণ্ডিতের কথায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পর তিনি শ্মশানেও গিয়েছিলেন। এমনকী তিন দিন তাঁর বাড়িতে রোবটের মতো কেটেছিল। রাহুল-প্রিয়াঙ্কার সমীকরণ নিয়েও মুখ খোলেন মৌমিতা। তিনি জানান, প্রিয়াঙ্কার সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রাহুলের। ওর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ প্রিয়াঙ্কা। তবে রাহুল কাউকে ধোঁকা দিয়ে তাঁর কাছে যাননি।
মৌমিতা পণ্ডিত টলিপাড়ার পরিচিত মুখ। 'সূর্য', 'লস্ট', 'বর্নপরিচয়', 'কণ্ঠ', 'ভবিষ্যতের ভূত', 'প্যান্থার: হিন্দুস্থান মেরি জান', 'বলিউড ডায়েরিজ'-এর মতো একাধিক সিনেমায় যেমন কাজ করেছেন, তেমনই 'রক্তপলাশ', 'ধানবাদ ব্লুজ', 'রে'-র মতো একাধিক জনপ্রিয় সিরিজে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু রাহুলের সঙ্গে যে তিনি সম্পর্কে ছিলেন, সেকথা কাকপক্ষীতেও টের পায়নি! এতদিন বাদে প্রকাশ্য়ে আনলেন মৌমিতা পণ্ডিত।