১০ সেকেন্ডে গোল থেকে এক ম্যাচে ২০ কার্ড, বিশ্বকাপে কোনও দিন ভাঙবে না যে রেকর্ডগুলি!
ফুটবল বিশ্বকাপের কোনও না কোনও আসরে এমন একাধিক রেকর্ডের জন্ম হয়েছে, যা ভাঙা কার্যত অসম্ভব।
এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল: ১৯৫৮ বিশ্বকাপের কথা উঠলেই অনেকেই পেলের উত্থানের কথা বলবেন। অনেকেই হয়তো বিস্মৃত, সেবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার নাম জাস্ট ফন্টেইন। ১৩ গোল করেছিলেন। তাও আবার ছ’ম্যাচে। এর মধ্যে প্যারাগুয়ে ম্যাচে হ্যাটট্রিক। পশ্চিম জার্মানির বিপক্ষে একাই করেছিলেন চার গোল। দু’টি জোড়া গোল। তাঁর সৌজন্যেই ফ্রান্স তৃতীয় হয়েছিল। ’৫৮ বিশ্বকাপই ছিল তাঁর কেরিয়ারের প্রথম এবং শেষ বিশ্বকাপ। তাতেই ইতিহাস গড়েন।
আরও পড়ুন:
দ্রুততম গোল: বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড কার? উত্তর– হাকান সুকুর। ২০০২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিক-অফের মাত্র ১০.৮৯ সেকেন্ড পরই গোল করেছিলেন। তিনি ভেঙে দেন ১৯৭৮ সালে বার্নার্ড লাকোম্বের ৩১ সেকেন্ডে গোলের রেকর্ড। সেই ম্যাচে তুরস্ক ৩-২ গোলে জিতে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে। যা তাদের ইতিহাসের সেরা সাফল্য।
এক ম্যাচে সর্বোচ্চ কার্ড: ২০০৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচ যেন রণক্ষেত্র হয়ে উঠেছিল। ২৫ জুন জার্মানির ন্যুরেমবার্গে ছিল খেলা। রেফারি ভ্লাতিনিন ভ্লাতেনোভিচ ইভানভ দুই দলের ফুটবলারকে দেখিয়েছিলেন ১৬টি হলুদ কার্ড এবং চারটি লাল কার্ড। পর্তুগালের কস্টিনহা, ডেকো এবং নেদারল্যান্ডসের খালিদ বোলাহরুজ, জিওভানি ভ্যান ব্রঙ্কহর্স্ট লাল কার্ড দেখায় দু’দলই ৯ জনে খেলতে বাধ্য হয়েছিল।
আরও পড়ুন:
সবচেয়ে বেশি বয়সে গোল: ক্যামেরুনের রজার মিল্লা ১৯৯৪ সালের বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিন বয়সে রাশিয়ার বিপক্ষে গোল করেছিলেন। আধুনিক ফুটবলের দুই আইকন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির বয়স যথাক্রমে ৪১ এবং ৩৯। দু’জনেরই এবারের বিশ্বকাপ ‘লাস্ট ডান্স’ মনে করা হচ্ছে। তাই মিল্লার রেকর্ড ভাঙা যে কোনও ফরোয়ার্ডের কাছেই দুরূহ।
সবচেয়ে বেশি বয়সে মাঠে নামা: বয়স কেবলই একটা সংখ্যা মাত্র, তা প্রমাণ করে দিয়েছিলেন মিশরের গোলরক্ষক এসাম এল-হাদারি। ২০১৮ সালের ২৫ জুন, রাশিয়া বিশ্বকাপে তিনি ৪৫ বছর ৫ মাস ১৬ দিন (প্রায় ৪৫ বছর ১৬১ দিন) বয়সে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিলেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলেছিলেন। একজন খেলোয়াড়ের পক্ষে এত বেশি বয়সে খেলা চালিয়ে যাওয়া বিরল দৃষ্টান্ত।