নেইমার ছাড়াই সেরা ব্রাজিল! হেক্সার স্বপ্নে ভিনিদের নিয়ে কেমন রণকৌশল ‘হেডস্যর’ আন্সেলোত্তির?
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৬টি ম্যাচে হেরেছে ব্রাজিল।
স্কোয়াড: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন, অ্যালেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস স্যান্টোস, গ্যাব্রিয়েল ম্যাগালহিস, ইবানেজ, লিও পেরেইরা, মারকুইনহস, ওয়েসলি, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, দানিলো স্যান্টোস, ফ্যাবিনহো, লুকাস পাকেতা, এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ইগর থিয়াগো, লুইস হেনরিকে, ম্যাথিউস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান, ভিনিসিয়াস জুনিয়র। কোচ: কার্লো আন্সেলোত্তি।
আরও পড়ুন:
শক্তি: গোল করার দক্ষতা। নেইমারের প্রতি জনসমর্থন থাকলেও তাঁকে ছাড়াই প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসিয়ে দিচ্ছে সেলেকাও। সেন্টার ব্যাকে মারকুইনহস এবং গ্যাব্রিয়েল ম্যাগালহিসের জুটি। আক্রমণে রাফিনহা-ভিনিসিয়াসের দাপটে বাড়তে পারে গোলের সম্ভাবনা। বিশ্বের অন্যতম সেরা কোচ থাকবেন ব্রাজিলের ডাগআউটে। যদিও মাত্র বছরখানেক আগে সেলেকাও শিবিরে যোগ দিয়েছেন কার্লো আন্সেলোত্তি, তবু তাঁর মগজাস্ত্রে ভরসা রাখছেন ব্রাজিল সমর্থকরা।
দুর্বলতা: যোগ্যতা অর্জন পর্বে ৬টি ম্যাচে হার। গত পাঁচ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের থেকেও বেশি। গত ৩৪ বছরের নিকৃষ্টতম র্যাঙ্কিং নিয়ে এবার নামছে সেলেকাও। নেইমারকে বিশ্বকাপে খেলতে দেখতে চান আপামর ফুটবলপ্রেমীরা। কিন্তু বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, নেইমারকে ছাড়াই ব্রাজিলের সেরা একাদশ হতে পারে। এই দোটানাই ব্রাজিলের অন্যতম দুর্বলতা। আক্রমণভাগ শক্তিশালী হলেও রক্ষণে প্রচুর ফাঁকফোকর। মাঝমাঠেও ভারসাম্যের অভাব ভোগাতে পারে কাসেমিরোদের।
আরও পড়ুন:
এক্স ফ্যাক্টর: ভিনিসিয়াস জুনিয়র। বছর দুয়েক আগে অল্পের জন্য তাঁর হাত থেকে ফসকে যায় ব্যালন ডি'ওর। পায়ের জাদুতে ডিফেন্ডারদের বোকা বানাতে সিদ্ধহস্ত। দেশের জার্সিতে জ্বলে উঠতে পারেন না বলে তাঁর বদনাম রয়েছে। যদিও গত বিশ্বকাপে একটি গোল এসেছিল ভিনির পা থেকে। 'গুরু' আন্সেলোত্তির রণকৌশলে সেই বদনাম কাটাবেন রিয়াল মাদ্রিদ তারকা, এমনটাই আশা জোগাচ্ছে তাঁর সাম্প্রতিক ফর্ম।
রণকৌশল: বেশ খানিকটা পিছিয়ে থেকে এবারের বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। বিশ্বর্যাঙ্কিংয়ে তারা রয়েছে ষষ্ঠ স্থানে। নেইমারকে নিয়েও দলের ম্যানেজমেন্টে যথেষ্ট টানাপোড়েন রয়েছে। যেহেতু রক্ষণ ততখানি জমাট নয়, ফলে ডিফেন্সে এবং মাঝমাঠ শক্তিশালী করার দিকে নজর দেবেন আন্সেলোত্তি। একমাত্র রাফিনহাকে সামনে রেখে ৪-২-৩-১ ছকে খেলতে পারে ব্রাজিল। ৪-৩-৩ ছকেও খেলতে পারে দল।
সম্ভাবনা: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে প্রত্যেকবারই কাপজয়ের দাবিদারের তালিকায় রাখা হয়। তবে গত পাঁচটি বিশ্বকাপে তাদের সেরা পারফরম্যান্স সেমিফাইনালে ওঠা। এবার সম্ভবত শেষ বিশ্বকাপ খেলবেন নেইমার। তাঁর উপস্থিতি উদ্বুদ্ধ করতে পারে গোটা স্কোয়াডকে। গ্রুপ পর্বে সেরকম চ্যালেঞ্জের মুখে পড়বে না ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনাল থেকে ফ্রান্সের মতো দলের মোকাবিলা করতে হতে পারে। তাই কাপজয়ের লড়াইটা বেশ কঠিন তাদের।