ছোটবেলার স্বাদ ফিরুক পাতে, ঘরোয়া উপায়ে বানিয়ে নিন কাঁচা আমের ৯ পদ
বাজার থেকে আনা টাটকা কাঁচা আম দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা হরেক পদ। ছোটবেলার নস্টালজিয়া ফিরিয়ে আনতে আমসত্ত্ব থেকে শুরু করে কাসুন্দি— রইল সহজ কিছু ঘরোয়া রেসিপির হদিশ। কীভাবে বানাবেন? জেনে নিন।
আরও পড়ুন:
কাঁচা আমের আমসত্ত্ব: দুটো বড় কাঁচা আম সেদ্ধ করে ম্যাশ করে নিন। মিশ্রণটি ছেঁকে নিয়ে ৫০০ গ্রাম আমের জন্য ২৫০ গ্রাম চিনি মেশান। কড়াইয়ে ৭-৮ মিনিট ফুটিয়ে ঘন হলে তেল মাখানো থালায় ছড়িয়ে দিন। একদিন কড়া রোদে শুকিয়ে নিলেই হবে। এরপর পছন্দমতো চৌকো বা রোলের আকারে কেটে বয়ামে ভরে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন।
কাঁচা আম কাসুন্দি: ১০০ গ্রাম কালো ও ৫০ গ্রাম সাদা সরষে ভিজিয়ে আমসহ মিক্সিতে পেস্ট করুন। কড়াইতে জল, হলুদ ও চিনি ফুটিয়ে তাতে এই পেস্ট দিয়ে নাড়ুন। এরপর সরষের তেল ও ভিনেগার মিশিয়ে ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ঠান্ডা হলে এটি আরও থকথকে হয়ে যাবে। ভাতের পাতে বা শাকভাজার সঙ্গে এই কাসুন্দি জাস্ট জমে যাবে।
আরও পড়ুন:
কাঁচা আমের ঝুড়ি আচার: আম গ্রেটারে কুচিয়ে তাতে গুঁড়ো চিনি মিশিয়ে জল বের করে নিন। এবার ভাজা মশলা, নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে কড়াইতে আধঘণ্টা রান্না করুন। সবশেষে ভিনেগার দিয়ে নামিয়ে নিন। রোদে দেওয়ার কোনও প্রয়োজন নেই। এই ঝুড়ি আচার কাচের বয়ামে ভরে রাখলে সারা বছর এর স্বাদ ও গন্ধ অটুট থাকে।
কাঁচা আমের টক-ঝাল আচার: কাঁচা আম পাতলা স্লাইস করে কেটে নিন। চিনি ও জলের সিরা তৈরি করে তাতে এলাচ ও তেজপাতা দিন। আমগুলো সিরায় দিয়ে ১ ঘণ্টা মিডিয়াম ফ্লেমে ধীর আঁচে রান্না করুন। আমগুলো যখন স্বচ্ছ কাচের মতো দেখাবে, তখন ভিনেগার মিশিয়ে নামিয়ে নিন। এই আচারের বিশেষত্ব হল এর স্বচ্ছতা এবং টক-মিষ্টি-ঝাল স্বাদের চমৎকার ভারসাম্য।
কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি আচার: দেড় কেজি কাঁচা আম ডুমো করে কেটে সরষের তেলে ভেজে নিন। এতে ৫০০ গ্রাম চিনি দিয়ে জল ছাড়াই ধীরে ধীরে রান্না করুন। ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে ৪০-৪৫ মিনিট পাক দিলে আচারের রং কালচে ও সুন্দর হবে। শেষে ভিনেগার দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। খিচুড়ি বা পরোটার সঙ্গে এই সাবেকি আচার স্বাদে অতুলনীয়।
কাঁচা আমের পাতলা ঝোল: গরমকালে শরীর ঠান্ডা রাখতে আম ঝোলের বিকল্প নেই। পাঁচফোড়ন ও হলুদ ফোঁড়ন দিয়ে আমের টুকরোগুলো হালকা ভেজে জল ও চিনি দিন। আম সেদ্ধ হয়ে এলে কাজু-কিসমিস ছড়িয়ে নামিয়ে নিন। টক-মিষ্টি স্বাদের এই পাতলা ঝোল ভাতের শেষে খেলে মন ও প্রাণ দুই-ই জুড়িয়ে যায়। এটি অত্যন্ত সহজ ও পুষ্টিকর একটি পদ।
কাঁচা আমের ঝুড়ি চাটনি: আম গ্রেট করে কড়াইয়ে নুন ও চিনি দিয়ে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করুন। এতে ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি চটজলদি চাটনি। এটি ফ্রিজে এক মাস পর্যন্ত অনায়াসে রাখা যায়। ভিনেগার ব্যবহার করলে স্থায়িত্ব আরও বাড়ে। দুপুরের খাবারের শেষে এক চামচ চাটনি খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেয়।
স্বাদ ও সংরক্ষণের বিশেষ টিপস: আচার দীর্ঘস্থায়ী করতে সবসময় শুকনো কাচের বয়াম ব্যবহার করুন। রান্নার শেষে ভিনেগার মেশালে আচার নষ্ট হওয়ার ভয় থাকে না। আচারের মশলা তৈরির সময় লঙ্কা, জিরে, ধনে ও পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে নিলে সুগন্ধ ভালো হয়। জল ছাড়া চিনি ও তেলের পাকে রান্না করলে আচারের গুণমান ও স্বাদ দুই-ই বজায় থাকে।