সানির সঙ্গে মাখামাখি, টাকার লোভে হাজির ‘ব্যর্থ’ ক্রিকেটারও! ‘বিগ বসে’ খেলোয়াড়দের কেচ্ছাও কম নয়
‘বিগ বসে’ ক্রিকেটারদের এনট্রিতে ঝামেলাও প্রচুর।
তিনি হলেন শান্তাকুমারন শ্রীসন্থ। যাঁকে নিয়ে বিতর্কের কমতি নেই। কখনও ম্যাচ ফিক্সিংটের অভিযোগ, কখনও বা হরভজনের সঙ্গে 'স্ল্যাপগেট' কাণ্ড। ২০১৮-তে সলমন খানের হিন্দি 'বিগ বসে' এসেছিলেন শ্রীসন্থ। অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে অনেকেই মনে করেন, শ্রীসন্থ 'বিগ বসে' এসেছিলেন 'ইমেজ' ঠিক করতে। 'আসল' শ্রীসন্থ যে কত 'ভালো' সেটা প্রমাণ করতে চেয়েছিলেন। আর সেখানে ঝামেলা-হুমকি-কান্নাকাটি সবই করেছিলেন।
আরও পড়ুন:
২০০৯ সালে 'বিগ বসে' ছিলেন বিনোদ কাম্বলি। 'ওয়াইল্ড কার্ড' এনট্রি হিসেবে ঢোকেন। দু'সপ্তাহের মধ্যে বিগ বসের বাড়ি থেকে বিতাড়িত হন। বেশিরভাগ সময় কাম্বলি চুপচাপ থাকতেন। কোনও ঝামেলায় জড়াননি। সেখানেই প্রথম নিজের ক্রিকেট জীবনের 'ব্যর্থতা' নিয়ে কথা বলেন। আর্থিক সংকটও ছিল। প্রতি সপ্তাহে 'বিগ বস' থেকে ২ লক্ষ টাকা পেতেন। অনেকে মনে করেন, সেই কারণেই 'বিগ বসে' নাম লেখান শচীনের সতীর্থ।
নভজ্যোত সিং সিধুও বাড়ি বানানোর টাকা জোগাড়ের জন্য ২০১২-তে 'বিগ বসে' বাড়িতে যান। প্রতি সপ্তাহে ৪ লক্ষ টাকা পেতেন। কিন্তু মাঝপথে অনুষ্ঠান ছেড়ে দেন। আসলে তখন সিধু রাজনীতির সঙ্গে যুক্ত। গুজরাটের নির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রচারের ডাক আসে। তবে অনেকের ধারণা, 'বিগ বসে'র বাড়িতে সিধুর রাজনৈতিক 'ইমেজ' খারাপ হচ্ছিল। ৩৪ দিনের অনুষ্ঠানে চেনা রসবোধ দিয়ে মাতিয়ে রেখেছিলেন।
তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ২০১১ সালে 'বিগ বসে' বিশেষ অতিথি হিসেবে ঢোকেন। ভালো হিন্দি বলতে পারতেন না। তাঁর জন্য অনুবাদকের দায়িত্ব ছিল পূজা মিশ্রার। একটি এপিসোডে সবাইকে চমকে দিয়ে পূজাকে প্রেমপ্রস্তাব দেন। 'আতি ক্যায়া খাণ্ডালা' গেয়েছিলেন। আবার কখনও রুটি বানান। কখনও বা শাহরুখ খানের হাত ছড়ানো ভঙ্গি করেন।
আরও পড়ুন:
সবচেয়ে মজার মুহূর্ত ছিল সানি লিওনির সঙ্গে। বলিউডে নামার আগে 'বিগ বস' দিয়েই সানির শুরু। সাইমন্ডসের সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে যায় সানির। সেই নিয়ে মুচমুচে চর্চাও চলে। একটি এপিসোড ছিল 'শোলে' স্পেশাল। সেখানে সাইমন্ডস গব্বর সিং সাজেন। আর সানি 'মেহবুবা' গানে নেচেছিলেন। দুর্ভাগ্যজনকভাবে ২০২২-এ গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী ক্রিকেটার।
২০১০-এ ওয়াইল্ড কার্ড এনট্রি হিসেবে ছিলেন পেশাদার কুস্তিগির 'দ্য গ্রেট খালি'। ‘খালি’র আসল নাম দলীপ সিং রানা। উচ্চতা ৭ ফুটের বেশি। যে কারণে তাঁর জন্য আলাদা খাট বানাতে হয়েছিল 'বিগ বসে'র বাড়িতে। মজার বিষয় হল, 'বিগ বসে'র বাড়িতে সকলের জন্য নির্দিষ্ট পরিমাণ খাবার থাকে। কিন্তু 'খালি' একাই সব খাবার খেয়ে নিতেন। বাকিরা খেতে পেতেন না। সেই নিয়ে অনেকেই অভিযোগ জানাতেন।
এছাড়া প্রাক্তন ক্রিকেটার সলিল অঙ্কোলা, কুস্তিগির সোনিকা কালীরমন ও কুস্তিগির সংগ্রাম সিং বিভিন্ন সময়ে 'বিগ বসে' আসেন। এবার বাংলায় হাজির দীপেন্দু বিশ্বাস। বাংলার তিন প্রধানের হয়ে খেলেছেন। জাতীয় দলেও খেলেছেন। এবার তিনি অন্য মঞ্চে। সেখানে দীপেন্দু বলেন, স্পোর্টসম্যান স্পিরিট বজায় রাখবেন। আর 'বিগ বস' স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।