Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Table tennis sponsor

এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর

যেভাবে ওড়িশা সরকার দেশের হকি দলকে স্পনসর করে, সেই একইভাবে দেশ ও রাজ্যের টেবিল টেনিস সংস্থাকে স্পনসর করতে পারে বাংলার পর্যটন দপ্তর।

শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২৩:৩৩

link
শিলাজিৎ সরকার
শিলাজিৎ সরকার

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ২৩:৩৩

options
link
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর zoom
ফাইল ছবি।
Advertisement

ওড়িশা সরকারের পথে এবার বাংলার সরকারও। যেভাবে ওড়িশা সরকার দেশের হকি দলকে স্পনসর করে, সেই একইভাবে দেশ ও রাজ্যের টেবিল টেনিস সংস্থাকে স্পনসর করতে পারে বাংলার পর্যটন দপ্তর। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে সেই বার্তা দিয়েছেন খোদ পর্যটন মন্ত্রী শংকর ঘোষ।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী বলেন, “রাজ্যের পর্যটন দপ্তর বাংলা এবং দেশের টেবল টেনিস দলকে স্পনসর করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে আমাদের প্রস্তাব ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র কাছে পাঠানো হবে। তিনিই দেখবেন কীভাবে কী করা যায়। আমরা রাজ্যের টেবল টেনিস দলকে স্পনসর করব। পাশাপাশি জাতীয় দলকে স্পনসর করার জন্যও কথা বলব।” রাজ্য টেবিল টেনিস সংস্থা সূত্রের খবর, ইতিমধ্যেই সংস্থার সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে পর্যটন দপ্তরের। তবে কোনও কিছুই এখনও চূড়ান্ত নয়। সংস্থার তরফে একটি প্রস্তাব তৈরি করে সেটি পর্যটন দপ্তরকে পাঠানো হবে। আবার পর্যটন দপ্তরও একইভাবে  নিজেদের প্রস্তাব পাঠাবে। তারপর ক্রীড়ামন্ত্রীর মধ্যস্থতায় বিষয়টি চূড়ান্ত হবে।

Advertisement

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের শাস্তির মুখে পড়েছে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া। সেই জটিলতা কাটার পর জাতীয় দলের স্পনসর করার বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। শংকর ঘোষ বলেন, ‘‘সর্বভারতীয় টেবল টেনিস সংস্থার একটা সমস্যা রয়েছে। নির্বাচন করে নতুন বোর্ড গঠন হওয়ার পর আমরা প্রস্তাব পাঠাব।” আসলে টেবিল টেনিসকে স্পনসর করে রাজ্যের পর্যটনের প্রসার করতে চাইছেন শংকর। এর ফলে টেবিল টেনিস সংস্থার যেমন সাহায্য হবে তেমনই বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় প্রতিযোগিতায় রাজ্যের পর্যটনের প্রচারও হবে। রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলগুলিকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরা যাবে।

২০১৮ সাল থেকে ভারতীয় হকিকে স্পনসর করছে ওড়িশা সরকার। শুরুটা করেছিলেন নবীন পট্টনায়েক। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেও হকি খেলতেন। তাঁর হাত ধরে বহু উপকার পেয়েছে ভারতীয় হকি। পরে ওড়িশায় বিজেপি সরকার আসার পরও হকির স্পনসরশিপ চালিয়ে যাচ্ছে। ২০৩৬ অলিম্পিক পর্যন্ত সেটা চলবেও। এবার পশ্চিমবঙ্গ সরকারও একই রকম পরিকল্পনা করছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.