Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Archery World Cup

তিরন্দাজিতে সোনালি সাফল্য! রুদ্ধশ্বাস ফাইনালে চিনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

বিশ্ব তিরন্দাজিতে সোনালি সাফল্য! সাংহাইয়ে তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১১:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১১:৫৬

options
link
তিরন্দাজিতে সোনালি সাফল্য! রুদ্ধশ্বাস ফাইনালে চিনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত zoom
কুমকুম মোহোদ, দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত। (বাঁ-দিক থেকে) ছবি: এক্স।
Advertisement

বিশ্ব তিরন্দাজিতে সোনালি সাফল্য! সাংহাইয়ে তিরন্দাজি বিশ্বকাপের দ্বিতীয় স্টেজে মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে আয়োজক চিনকে ৫-৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত এবং কুমকুম মোহোদ।

ফাইনাল ছিল রোমাঞ্চে ভরা। প্রথম সেট ৫৪-৫৩ ব্যবধানে জিতে ভারত এগিয়ে গেলেও পরের দুই সেটে ম্যাচে ফেরে চিন। তৃতীয় সেট শেষে ভারত পিছিয়ে পড়েছিল। তবে চতুর্থ সেটে দুরন্ত প্রত্যাবর্তন করে ৫৪-৫৩ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় পায় ভারতীয় দল। ফলে ম্যাচ গড়ায় শুট-অফে। সেখানে অসাধারণ স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করেন দীপিকারা। ২৮-২৬ ব্যবধানে জয় ছিনিয়ে নেয়। টানটান লড়াইয়ের পর ৫-৪ পয়েন্টের ব্যবধানে জয় পায় ভারত।

Advertisement

বিশ্বজয়ের পথে ভারতের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। সেমিফাইনালে তারা হারিয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে। প্রথম সেট থেকেই দাপট দেখিয়ে দীপিকারা ৫-১ ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠেন। প্রথম সেটে ৫৮-৫৫ ব্যবধানে জয় দিয়ে দারুণ শুরু করে ভারতীয় দল। দ্বিতীয় সেট ৫৬-৫৬ স্কোরে ড্র হলেও তৃতীয় সেটে ফের দাপট দেখিয়ে ৫৮-৫৬ ব্যবধানে জিতে নেয়। ফলে এক সেট বাকি থাকতেই ৫-১ ব্যবধানে ম্যাচ নিজেদের নামে করে নেয় তারা। এর আগে প্রি-কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান এবং কোয়ার্টার ফাইনালে ভিয়েতনামকে হারিয়েছিল ভারত।

পুরো প্রতিযোগিতায় নজর কেড়েছে ১৭ বছরের কুমকুম। অভিজ্ঞ দীপিকা ও অঙ্কিতার পাশে সমান আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। মহিলাদের রিকার্ভ দলগত বিভাগে এটি ভারতের তৃতীয় বিশ্বকাপ সোনা। এর আগে ২০২১ সালেও ভারতের সাফল্যের অন্যতম মুখ ছিলেন দীপিকা কুমারী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.