সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন ভারতীয় তরুণী। যার ট্যাক্সিতে উঠেছিলেন, সেই ব্যক্তির প্রশ্ন শুনে রীতিমত থ হয়ে গেলেন তিনি। কারণ ট্যাক্সি চালক নাকি জানেনই না ভারত নামে কোনও দেশ আছে! তাঁকে ভারতের অস্তিত্ব বোঝাতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে ওই তরুণীকে। ইতিমধ্যেই দুজনের কথোপকথন ছেয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়।
জানা গিয়েছে, ওই তরুণীর নাম পিয়ুশা পাতিল। পেশায় ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর। সোশাল মিডিয়ায় তিনি জানান, ওই ট্যাক্সি চালক তাঁকে নানা অদ্ভুত প্রশ্ন করছিলেন। কিন্তু এবার তিনি যা প্রশ্ন করেছেন তা শুনে চমকে গিয়েছেন। আর তাই ভিডিও না করে থাকতে পারেননি। ভাইরাল হওয়া ভিডিওতে চালককে কোরিয়ান ভাষায় বলতে শোনা গিয়েছে, “আপনি কোন দেশ থেকে এসেছেন?”। উত্তরে পিয়ুশা বলেন, “আমি ভারতীয়। ভারত থেকে এসেছি।”
এই উত্তর শুনেই চমকে যান ওই চালক। পালটা বলেন, “ভারত? সেটা আবার কোন দেশ? কোথায় অবস্থিত।” এই প্রশ্ন শুনে হতবাক হয়ে যান পিয়ুশা। তিনি পালটা বলেন, “আপনি ভারতের নাম শোনেননি?”। চালক বলেন, “আমি জানিই না এমন কোনও দেশ রয়েছে। ভারতের জনসংখ্যা কত?”। তখন পিয়ুশা জবাব দেন, “চিনের জনসংখ্যা ১.৩ বিলিয়ন। আর আমাদের ভারতের অন্তত ১.৪ বিলিয়ন। অর্থাৎ চিনের থেকেও বেশি।” তখন ওই চালক বলেন, “কী বলছেন? সত্যিই এত?” অবশেষে তিনি মেনে নেন ভারত নামে সত্যিই কোনও দেশ রয়েছে। প্রসঙ্গত, ওই তরুণী দক্ষিণ কোরিয়ার ইওয়া ওমেনস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। এই ভিডিও দেখে অনেক নেটিজেনই বলছেন, হয় তিনি মিথ্যা বলছেন নয়তো তিনি সত্যিই ভারত সম্পর্কে জানতেন না। কিন্তু এটা বিশ্বাস করা খুব কঠিন।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!