পিঠের এমন এক মোক্ষম জায়গায় চুলকানি হচ্ছে, যেখানে কিছুতেই নিজের হাত পৌঁছচ্ছে না—এমন পরিস্থিতিতে বোধহয় সকলেই পড়েন কমবেশি। অন্য কেউ পিঠ চুলকে দিলে ভালো হত, মজার ছলে এমনটাও বোধহয় ভাবেন কখনও সখনও। কিন্তু সত্যিই কি পিঠ চুলকানোর জন্য লোক পাওয়া যেতে পারে? তাও আবার নির্দিষ্ট মাইনের বদলে?
এই আপাত অদ্ভুত ধারণাকেই ব্যবসায় পরিণত করেছেন চিনের (China) এক উদ্যোক্তা। চিনের শেনঝেনে বসবাসকারী ৩২ বছরের ঝাং শিয়াওচিয়াও তাঁর সংস্থা ‘সুমা’ (Suma)-এ এমনই পরিষেবার ব্যবস্থা করেছেন গ্রাহকদের জন্য। এখানে প্রশিক্ষিত কর্মীরা গ্রাহকদের পিঠ-সহ শরীরের বিভিন্ন অংশ আলতো হাতে চুলকিয়ে দেন।
আরও পড়ুন:
এই পরিষেবা পাওয়ার জন্য এক ঘণ্টায় দিতে হয় ৩০০ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,২০০ টাকার সমান! ম্যাসাজ পার্লারের মতোই এখানেও গ্রাহকরা নরম বিছানার উপর উপুড় হয়ে শুয়ে থাকেন। কর্মীরা যে কেবল খালি-হাতেই পিঠ চুলকে দেন, তা নয়। রয়েছে বিশেষভাবে তৈরি লম্বা ও সরু নখের মতো বিভিন্ন সরঞ্জাম। আঁচড় ঠিক কেমনভাবে দিলে চুলকানি কমবে, তারও নির্দিষ্ট পদ্ধতি শেখা রয়েছে তাদের।
ঝাংয়ের দাবি, চিনের মতো বড় শহরের কর্মজীবী মানুষদের মানসিক চাপ ও ঘুমের সমস্যাকে মাথায় রেখেই এমন পরিষেবার ব্যবস্থা করেছেন তাঁরা। গ্রাহকেরা অনেকেই দাবি করেছেন, গায়ের বিভিন্ন জায়গা আঁচড়ে দেওয়ার এই অনুভূতি নাকি এতটাই আরামদায়ক যে তা সাধারণ ম্যাসাজের থেকেও বেশি রিল্যাক্সিং। আবার শরীরের সংবেদনশীল জায়গায় আঁচড় পড়লে কারও কারও হাসিও পেয়ে যায়।
ব্যবসাটি অবশ্য একেবারে নতুন। ঝাং ২০২৬ সালের মে মাসের শুরুতে শেনঝেনের বাওআন জেলায় প্রথম ‘সুমা’-র শাখা খোলেন। এক মাসের মধ্যেই ফুতিয়ান জেলায় দ্বিতীয় শাখা চালু হয়। তাঁর দাবি, দুটি দোকান মিলিয়ে মাসে প্রায় ১ লক্ষ ইউয়ান, অর্থাৎ আনুমানিক ১৪ লক্ষ টাকা মোট আয় হচ্ছে। অর্থাৎ, ইতিমধ্যেই প্রাথমিক বিনিয়োগের মূল্য উঠে এসেছে এই ব্যবসা থেকে!
বিভিন্ন সাক্ষাৎকারে ঝাং জানিয়েছেন, এই অদ্ভুত ব্যবসার ধারণাটি এসেছিল সোশ্যাল মিডিয়া থেকেই। গত বছর ঝাং একটি রিল দেখেছিলেন, যেখানে এক মহিলা তাঁর স্বামীর পিঠ চুলকে দিচ্ছিল। ভিডিওটির কমেন্টে অনেকেই জানিয়েছিলেন, এমন পরিষেবার জন্য তাঁরা টাকা দিতে রাজি! বিষয়টি ঝাংকে ভাবায়। একই সঙ্গে ছোটবেলার একটি স্মৃতিও তাঁর মনে পড়ে—ঘুমিয়ে পড়ার আগে তাঁর বাবা প্রায়ই তাঁর পিঠ চুলকে দিতেন। সেই আরামদায়ক অনুভূতিকেই তিনি পেশাদার পরিষেবায় পরিণত করার কথা ভাবেন।
ঝাংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রাহকদের মধ্যে প্রায় ৭০ শতাংশ পুরুষ এবং ৩০ শতাংশ মহিলা। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই চূড়ান্ত ভাইরাল ‘সুমা’। ঝাংয়ের লক্ষ্য, চিনজুড়ে ১০০টি আউটলেট তৈরি করবেন আগামীদিনে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’
-
পরিচারিকাকে যৌন হেনস্তা! বোলপুরে গ্রেপ্তার বিজেপি যুবনেতা, বহিষ্কার করল দল

