প্রবল গরমে যখন প্রাণ ওষ্ঠাগত সকলের, হরিয়ানার মহেন্দ্রগড় জেলার ডেরোলি আহির গ্রামের বাসিন্দা সন্তলাল সারা শরীর জড়িয়ে নেন মোটা কম্বলে। মাথায় চাপান উলের টুপি। কাঠকুটো জড় করে আগুন জ্বালিয়ে, পাশে বসে থাকেন জবুথবু হয়ে। বাইরের তাপমাত্রা যখন ৪০–৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, শীতে জমে যান সন্তলাল!

আবার, শীতকালের কনকনে ঠান্ডায় যখন শরীর হিমশীতল হয়ে যায়, সন্তলাল শুয়ে থাকেন বরফের স্ল্যাবের উপর। ঠান্ডা জলে বরফের খণ্ড চুবিয়ে, ডুব দিয়ে থাকেন তাতে। এ ঘটনা সাজানো নয়, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার কোনও অভিনব পদ্ধতিও নয়। ষাটোর্ধ সন্তলাল জানিয়েছেন, শৈশব থেকে শরীরের এই অস্বাভাবিক অবস্থা অনুধাবন করেছিলেন তিনি।
এর আগে ২০১৮ সালে প্রথমবার তাঁর এই কাহিনি সমাজমাধ্যমে উঠে আসে। কারণ ২০১৭ সালে শীতকালে দীর্ঘ সময় বরফের উপর শুয়ে থেকে রেকর্ড গড়ার কারণে মহেন্দ্রগড় জেলা প্রশাসন তাঁকে সম্মানিত করেছিল। পরে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে বিষয়টি যে শারীরিক অস্বাভাবিকতা, তা স্পষ্ট হয়। সাম্প্রতিককালে তাঁকে নিয়ে বানানো একটি ভিডিও ছড়িয়ে পড়তে, সন্তলালের গল্প আবারও উঠে আসে সকলের সামনে।
এই বিরল সমস্যার কারণ জানতে সন্তলালকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা নির্দিষ্ট রোগ শনাক্ত করতে পারেননি। নরনৌলের তৎকালীন ডেপুটি সিভিল সার্জন ডা. অশোক কুমারের মতে, এটি মস্তিষ্কের হাইপোথ্যালামাস-সংক্রান্ত কোনও বিরল সমস্যার সঙ্গে যুক্ত হতে পারে। হাইপোথ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে, নিশ্চিত রোগ নির্ণয়ের জন্য উচ্চমানের পরীক্ষা প্রয়োজন।
সন্তলালের পরিবারের অন্য কারও ক্ষেত্রেই এমন সমস্যা দেখা যায়নি। এমনকী সন্তলালের নিজের ক্ষেত্রেও এটি ছাড়া অন্য কোনও সমস্যা নেই। সাক্ষাৎকারে তাঁর স্ত্রী জানিয়েছেন, বছরের সবচেয়ে গরম ও সবচেয়ে ঠান্ডা সময়গুলোই কঠিন হয়ে যায় তাঁর পক্ষে। এ সময় আলাদা যত্ন নিতে হয় সন্তলালের।

তবে শারীরিক সমস্যা আর কিছু না থাকলেও, এতে প্রভাবিত হয়েছে সন্তলালের সামাজিক ও পারিবারিক জীবন। এই অবস্থার কারণে তিনি নিয়মিত কোনও কাজই করতে পারেন না। গ্রীষ্মে জ্বালানি কাঠ এবং শীতে বরফ কিনতে হওয়ায় পরিবারের আর্থিক চাপও বেড়ে চলেছে।
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে সন্তলালের এই অবস্থা স্বতন্ত্র। বৈজ্ঞানিকভাবে নিশ্চিত রোগনির্ণয় এখনও সম্ভব হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়
-
বাজারে পাকা আম থাকতেই বানিয়ে নিন এই সহজ লাড্ডু, মাত্র ৩ উপকরণেই জিভে জল
-
‘মৃত’ ব্রাজিলের জোগা বোনিতো, ‘হেইল ইউরোপ’ স্লোগানে ফিকে হচ্ছে লাতিন ফুটবলের সৌন্দর্য!