ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: গত সোমবার কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয় এক নাবালিকার। রাজনৈতিক সংঘর্ষ থেকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ কালীগঞ্জের মোলান্দি গ্রামে। বুধবার নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আর্থিক সাহায্য দিতে চান ডেবরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর। যদিও সেই সাহায্য প্রত্যাখ্যান করেন মৃতের মা। দলের অনুমতি ছাড়া কেন এভাবে টাকা দিতে গেলেন? এই প্রশ্ন তুলে দলের শৃঙ্খলাভঙ্গের জন্য শোকজ করা হল তৃণমূল বিধায়ককে। বৃহস্পতিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠিয়ে তিনদিনের মধ্যে হুমায়ুন কবীরের জবাব তলব করেছেন। যদিও বিধায়কের দাবি, তিনি এখনও কোনও চিঠি পাননি, পেলে ভাববেন।

গত ২৩ জুন, সোমবার কালীগঞ্জ উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। তারপরপরই দুপুর নাগাদ মোলান্দি গ্রামে বোমা ফেটে বছর তেরোর নাবালিকার মৃত্যুর খবর মেলে। খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী নিজে এক্স হ্যান্ডলে পোস্ট করে দুঃখপ্রকাশের পাশাপাশি পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দেন। তাঁর নির্দেশের ২৪ ঘণ্টা আগেই বোমাবাজির ঘটনা জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। একে একে আরও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। তবে মূল অভিযুক্ত এখনও অধরা।
এই অবস্থায় বুধবার সন্ধ্যা নাগাদ ডেবরার তৃণমূল বিধায়ক পৌঁছে যান মোলান্দি গ্রামে নিহত নাবালিকার বাড়িতে। নিহতের মা মেয়ের সুবিচারের দাবি জানিয়েছেন বিধায়কের কাছে। বিধায়ক একটি খাম দিতে চান তাঁকে। তা প্রত্যাখ্যান করে মহিলা জানান, অর্থের প্রয়োজন নেই, তাঁরা চান মেয়ের মৃত্যুর সুবিচার। ফলে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় হুমায়ুন কবীরকে। এই খবর দলের কাছে পৌঁছতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠান তাঁকে। লিখেছেন, ‘দলের অনুমতি ছাড়াই আপনার এই অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যারপরনাই আঘাত করেছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের