সুদীপ রায়চৌধুরী: খসড়া ভোটার তালিকা প্রকাশ সাতদিন পিছিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যজুড়ে এসআইআর ফর্ম ডিজিটাইজেশনের পর চলছে আপলোড প্রক্রিয়া। তার মধ্যেই বড় তথ্য দিল কমিশন। কমিশন সূত্রে খবর, ভোটার তালিকার এখনও পর্যন্ত ৪৩ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম বাদ পড়েছে! এর মধ্যে ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে। নিখোঁজ ভোটারের সংখ্যা পাঁচ লক্ষ ৫৩ হাজার। স্থানান্তরিত ভোটারের সংখ্যা সোমবার পর্যন্ত ১৫ লক্ষ ১৩ হাজার। এছাড়াও ৯৮ হাজার ৬০০ ভুয়ো ভোটার চিহ্নিত হয়েছে।
প্রথম পর্যায়ে রাজ্যের প্রায় প্রায় সাত হাজার বুথের আপলোড হওয়া তথ্য নিয়ে সন্দেহের পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। সোমবার কমিশন থেকে যে তথ্য পাওয়া গিয়েছে, সেই মোতাবেক বিএলও-দের আপলোড করা তথ্য অনুযায়ী রাজ্যের ২২০৮টি বুথে একটিও ‘আনকালেক্টেবল’ বা অসংগৃহীত ফর্ম নেই। যার মানে ওই বুথগুলিতে গত একবছরে কোনও ভোটারের মৃত্যু হয়নি! কোনও ভোটার নিখোঁজ হননি বা বাইরে চলে যাননি! এই ঘটনা কার্যত ‘অবাস্তব’। এমনই মনে করছে কমিশন।
যে বুথগুলিতে কোনও ‘আনকালেক্টেবল’ মেলেনি, তার মধ্যে সব থেকে বেশি বুথ দক্ষিণ ২৪ পরগনায়। মোট সংখ্যা ৬০৮টি। দ্বিতীয় স্থানে রয়েছে পুরুলিয়া। এখানে বুথের সংখ্যা ২২৮টি। মুর্শিদাবাদ, মালদহ ও নদিয়ায় আনকালেক্টেবল বুথের সংখ্যা ২২৬, ২১৬ ও ১৩০। বাঁকুড়ায় আছে ১০১টি। কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত আনকালেক্টেবল ফর্ম থাকার তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে দক্ষিণ কলকাতা। ১৯.৩৮ শতাংশ। উত্তর কলকাতায় এই সংখ্যাটা ১৯.১২ শতাংশ। বসিরহাট উত্তরে সব থেকে বেশি ডিজিটাইজেশন হয়েছে, ৯৬.০৫ শতাংশ। সব থেকে কম ডিজিটাইজেশন হয়েছে ভাটপাড়ায়, ৭৪.০৯ শতাংশ। আনকালেক্টেবল ফর্ম সব থেকে বেশি বারাকপুরে, ১৫.৬২ শতাংশ। আনকালেক্টেবল ফর্ম সব থেকে কম বসিরহাট উত্তরে, ৩.৩৭ শতাংশ।
এদিকে এদিন বিজ্ঞপ্তি দিয়ে বিএলও এবং ইআরও-দের এনুমারেশন ফর্মের ভুল এন্ট্রি সংশোধনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভোটারদের তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলে এ বার তা সংশোধন করা যাবে। এসআইআরের জন্য যে অতিরিক্ত সময় পাওয়া গিয়েছে, তার মধ্যে এই ভ্রম সংশোধনের কাজ সেরে ফেলতে হবে।
সর্বশেষ খবর
-
বাবুই ঘাসের হস্তশিল্পে নতুন দিশা, শিল্পীদের দক্ষতা বাড়াতে ঝাড়গ্রামে ইউনেস্কোর প্রতিনিধি দল
-
রামপুরহাটের ‘দুমকা রোড’ এখন শ্যামাপ্রসাদের নামে, জন্মদিবসে মূর্তি স্থাপন করে ঘোষণা বিধায়কের
-
পরপর টার্গেট বিজেপি নেতা-মন্ত্রীরা! দীপক, সম্বিতের পর সাইবার হামলার শিকার অজয় পোদ্দার
-
মৃত্যু-রক্ত-অস্ত্র অতীত, দুই দশক পর ক্ষমতা থেকে সরছে হামাস, গাজায় এবার অসামরিক শাসন!
-
ভারতের জার্সিতে দ্রাবিড়পুত্রর ব্যাটে ঝড়, ৫৭৫ সিঁড়ি পেরিয়ে মন্দিরে রাহুলের পুজোর পরই সাফল্য!