রমেন দাস: বিতর্কের মাঝেই এবার আমরণ অনশনে শামিল হলেন আর জি কর মেডিক্যালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। কেন প্রথমদিনে অনশনে শামিল হননি আর জি করের কোনও জুনিয়র চিকিৎসক? এদিন তা জানালেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদাররা।

নিজেদের দাবি পূরণের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেই ডেডলাইন পার হওয়ার পর শনিবার আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। প্রথম দফায় ৬ জন জুনিয়র ডাক্তার অনশনে(Junior Doctors Hunger Strike) বসেন। তবে সেই তালিকায় রবিবার সন্ধ্যায় শোনা যাচ্ছিল, এবার অনশন কর্মসূচিতে যোগ দিতে চলেছেন আর জি কর মেডিক্যালের এক জুনিয়র ডাক্তার। ফলে অনশনরত চিকিৎসকের সংখ্যা বেড়ে হবে ৭। এদিন রাতে জুনিয়র ডাক্তারদের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানেই ব্যাখ্যা দেওয়া হয় কেন, প্রথমদিন থেকে আমরণ অনশনে দেখা যায়নি আর জি করের প্রতিনিধিকে।

এদিন ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ অনিকেত মাহাতো বলেন, “কেন আর জি করের কোনও জুনিয়র ডাক্তার আমরণ অনশনে নেই, তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। আমরা হয়তো ভুলে যাচ্ছি, আর জি করে সমস্যা একটা নয়। যে থ্রেট কালচার নিয়ে এত কিছু, তার বিরুদ্ধে লড়তে হচ্ছে।” জুনিয়র ডাক্তারদের কথায়, কলেজ ভিত্তিক আন্দোলনে কাজ থাকায় শনিবার অনশনে যোগ দিতে পারেননি আর জি করের কেউ। সেই কারণেই রবিবার রাত থেকে আমরণ অনশনে বসলেন অনিকেত। এদিন দুপুরে জয়নগরে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। এদিন দেবাশিস জানান, পাশে আছেন, এই বার্তা দিতেই এদিন নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন তাঁরা। পাশাপাশি এদিন তাঁরা ফের অভিযোগ করেন, তাঁদের আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর
-
বাড়িতে উদ্ধার হওয়া কাড়ি কাড়ি টাকার উৎস কী? ব্যাখ্যা দিতে পারলেন না বিচারপতি, শাস্তি অবশ্যম্ভাবী
-
চা শিল্পের গৌরব ফেরানোই লক্ষ্য, কার্শিয়াংয়ে চালু টি টেস্টিং কোর্স
-
‘১৫ আগস্টের মধ্যে সব বাঙালিকে ছাড়তে হবে উত্তরবঙ্গ’! হুঁশিয়ারি তৃণমূল নেতার, চাঞ্চল্য ধূপগুড়িতে
-
শ্রীলঙ্কা সিরিজের পরই টেস্ট অবসরে জাদেজা? রো-কো’র পর গম্ভীরের কোপে আরেক তারকা!
-
মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স! মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিনরাজ্যের অটো-ট্যাক্সি চালকরা