কলকাতা পুলিশে বড়সড় রদবদল। বৃহস্পতিবার ওসি ও অ্যাডিশনাল ওসি মিলিয়ে মোট ৩৩ জন ইন্সপেক্টরের রদবদল করা হল। তাঁদের মধ্যে শহরের প্রায় কুড়িটি থানার ওসিকে বদল করেছে লালবাজার। বহু বছর পর একসঙ্গে কলকাতার দুটি থানার ওসি হলেন মহিলা ইন্সপেক্টর। উত্তর কলকাতার সিঁথি থানার ওসি হলেন চামেলি মুখোপাধ্যায়। তিনি ছিলেন উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি। ভোটের আগে কিছুদিনের জন্য তিনি কালীঘাট থানার ওসি ছিলেন। টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিং হলেন সরশুনা থানার নতুন ওসি। দক্ষিণ কলকাতার ভবানীপুর থানার নতুন ওসি হলেন রাজীব চট্টোপাধ্যায়। ভবানীপুর থানা থেকে ইন্সপেক্টর সৌমিত্র বসু গেলেন এসটিএফে। চেতলা থানার ওসি হয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। অমিত চট্টোপাধ্যায় হলেন পার্ক স্ট্রিট থানার ওসি। গৌতম রুজ ভাঙড় থানার ওসি হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের কলকাতা পুলিশে এ নিয়ে দ্বিতীয়বার রদবদল করা হল। চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়েছে। প্রদীপ কুমার যাদব ছিলেন কলকাতার এসটিএফের ডেপুটি কমিশনার। তাঁকে কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার করা হয়েছে।
পাশাপাশি এক সপ্তাহ আগেই নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এক ধাক্কায় রাজ্যের ১০৮ জন আইসিকে বদলি করা হয়। প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, এ রাজ্যে শাসকের আইন নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু সরকারের দু’মাসের মধ্যেই প্রশাসনে রদবদল অব্যাহত। একসঙ্গে এতগুলি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বদলির পদক্ষেপ তারই অংশ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সর্বশেষ খবর
-
যৌনতা থেকে অপরাধমূলক কনটেন্ট! অনূর্ধ্ব-১৬-দের সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধের পথে নিউজিল্যান্ড
-
ছাত্রের দুষ্টুমিতে শাসন কেন? ‘সবক’ শেখাতে বেল্ট খুলে প্রধান শিক্ষক, ক্লাস টিচারকে পেটালেন বাবা!
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর