সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। তপসিয়ায় বহুতলের পাশে ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রগতি ময়দান থানার পুলিশ। ঝুপড়িতে কেউ আটকে রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৬টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এত বেশি যে কাছাকাছি এগোতে পারছেন না দমকল কর্মীরা।

ঘড়ির কাঁটায় তখন বেলা ১২টা হবে। আচমকাই সায়েন্স সিটির কাছে তপসিয়ার বিএন রোডের কাছে বসতিতে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও বেশ খানিকটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। ঝুপড়িতে দাহ্য পদার্থ মজুত রয়েছে। বেশ কয়েকবার সিলিন্ডার বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। তাই মুহূর্তেই আগুনের লেলিহান শিখা প্রায় গোটা বসতি গ্রাস করে। এরপর ২০-৩০ মিনিটের মধ্যে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটা বেশি যে নেভানোর কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

ওই ঝুপড়িতে বেশ কয়েকজন শিশু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকায় কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তিনি বলেন, “আগুন লেগেছে। দমকলকে আসতেও কিছুটা সময় দিতে হবে। সাধারণ মানুষের অভিযোগ শুনেছি। তা সত্যি কিনা, খতিয়ে দেখা হচ্ছে।” কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর, তা খতিয়ে দেখা হবে।

সর্বশেষ খবর
-
হাত মেলাচ্ছে রিলায়েন্স-রোলস রয়েস! ভারতেই তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ বিমানের ইঞ্জিন
-
এশিয়াসেরা হওয়ার লড়াইয়ে বিরাট ধাক্কা টিম ইন্ডিয়ার, চোটে বাদ বিশ্বকাপ জয়ের কারিগর
-
ভক্তের শেষ ইচ্ছা কানে তোলেননি! যাননি শেষকৃত্যে, ৫ বছর পর কারণ জানালেন ‘টক্সিক’ যশ
-
খুনে নিম্ন আদালতে যাবজ্জীবন, প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন-সহ ৩ সিপিএম নেতা বেকসুর খালাস হাই কোর্টে
-
‘সন্ত্রাসে মদত দিলে ফল ভুগতে হবে’, জাতির উদ্দেশে ভাষণে পাকিস্তানকে কড়া বার্তা রাষ্ট্রপতির