Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Lalbazar

ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার

ডিভিশনের ডিসি-র আওতায় আটজন ডিসিআরবি-র দায়িত্বে থাকবেন। একজন সাব-ইন্সপেক্টর হবেন এই শাখার ওসি। তাঁর অধীনে থাকবেন তিনজন করে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও চারজন করে কনস্টেবল।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ০৯:১৮

link
অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ০৯:১৮

options
link
ডিজিটাল প্ল্যাটফর্মে আরও নজরদারি! প্রতিটি ডিভিশনে ক্রাইম রেকর্ড ব্যুরো করছে লালবাজার zoom
একজন সাব-ইন্সপেক্টর হবেন এই শাখার ওসি।
Advertisement

অপরাধ সংক্রান্ত তথ্য তথা ডেটায় আরও স্বচ্ছতা আনতে এবার ডিভিশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা ডিসিআরবি তৈরি করছে লালবাজার। মঙ্গলবার পুলিশ কমিশনার এই ব্যাপারে নির্দেশিকা জারি করে জানিয়েছেন, কলকাতা পুলিশের প্রত্যেক ডিভিশনে এবার থেকে ডিসিআরবি তৈরি হচ্ছে।

এখন দশটি ডিভিশন রয়েছে শহরে। এই নতুন শাখা মূলত ‘ইন্টারোপেরাবেল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম’ বা আইসিজেএস-এর আওতায় থাকা বিষয় ও অপরাধের ডেটার উপর নজর রাখবে। ডিভিশনের ডিসি-র আওতায় আটজন ডিসিআরবি-র দায়িত্বে থাকবেন। একজন সাব-ইন্সপেক্টর হবেন এই শাখার ওসি। তাঁর অধীনে থাকবেন তিনজন করে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ও চারজন করে কনস্টেবল। পরবর্তী সময়ে ডিসিআরবিতে পুলিশের সংখ্যা বৃদ্ধিও করতে পারে লালবাজার। রাজ্য পুলিশের এসসিআরবি ও জাতীয় স্তরে এনসিআরবি-র ধাঁচেই তৈরি হচ্ছে এই ডিসিআরবি।

Advertisement

পুলিশ জানিয়েছে, ডিসিআরবি থানাগুলির সিসিটিএনএস, ই-সাক্ষ্য, ই-সমন, মেডলিপিআর, ই-ফরেনসিক ও ন্যায় শ্রুতির মতো ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নজরদারি চালাবে। প্রত্যেকটি থানার অপরাধের ডেটা প্রতিনিয়ত আপডেট করে ডিসিআরবিকে পাঠাতে হবে। সঙ্গে সেই ডেটার মান, সম্পূর্ণতা ও মামলার অবস্থান খতিয়ে দেখবে এই শাখা। যদি কোনও সমস্যা হয়, তবে কলকাতা পুলিশের ক্রাইম রেকর্ড সেকশনকে ডিসিআরবি জানাবে। অপরাধের ডেটা সংক্রান্ত বিষয়ে রাজ্য ক্রাইম রেকর্ডস ব্যুরোর সঙ্গে যোগাযোগ রাখবে ডিসিআরবি। এই শাখা আদালত, সরকারি আইনজীবী, ফরেনসিক ল্যাবরেটরি, হাসপাতাল, জেল ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রাখবে।

এই ক্ষেত্রে নিয়ম করে ডিসিআরবি-র আধিকারিকরা নিজেদের ডিভিশনের প্রত্যেকটি থানা পরিদর্শনও করবেন। ডেটাগুলি সময়মতো পাঠানো হচ্ছে কি না, সেই ক্ষেত্রে থানাগুলি নিয়ম মানছে কি না, তা খতিয়ে দেখে থানাগুলিকে সতর্কও করতে পারে এই শাখা। থানাগুলি ভুল শুধরোচ্ছে কি না, সেদিকেও ডিসিআরবি নজর রাখবে।

লালবাজারের সূত্র জানিয়েছে, ডিসিআরবি আইসিজেএস কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে প্রয়োজনে থানায় বিভিন্ন মামলার তদন্তকারী আধিকারিক ও পুলিশকর্মীদের প্রশিক্ষণও দেবেন। প্রযুক্তিগত দিক থেকে থানার আধিকারিক ও পুলিশকর্মীদের কোনও সমস্যা হচ্ছে কি না, ডিসিআরবি-র আধিকারিকরা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। ডিসিআরবি-র ওসিরা প্রত্যেকদিন এই প্রত্যেকটি বিষয় ডিভিশনের ডিসিদের জানাবেন। ডিসিরা ওই রিপোর্টের ভিত্তিতে পর্যালোচনা করে থানার ওসিদের বিষয়টি জানাবেন ও কোনও সমস্যা দেখলে তা মেটানোর চেষ্টা করবেন। একজন যুগ্ম পুলিশ কমিশনার পদের পুলিশকর্তা সব ডিভিশনের ডিসিআরবি-র নোডাল অফিসারের দায়িত্বে থাকবেন। ভবিষ্যতে কোনও নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হলে তার নজরদারির দায়িত্ব ডিসিআরবি-র উপরই বর্তাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.