স্টাফ রিপোর্টার: এতদিন বহুতলের ছাদে রেন ওয়াটার হারভেস্টিং হয়েছে। এবার হবে ভূগর্ভে। অভিনব পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা (KMC)। শহরের ১৪৪টি ওয়ার্ডের প্রায় ৯০টি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। যেখানে বর্ষার সময় জলে ভেসে যায়। পাম্প চালিয়ে জল সরাতে হয়। সেইসব জায়গায় ‘রেন ওয়াটার হারভেস্টিং’ হবে। পুর নিকাশি বিভাগ ইতিমধ্যেই সমীক্ষা সম্পূর্ণ করেছে বলে খবর।
কলকাতা পুরসভা সূত্রে খবর, পূর্ব ভারতের মধ্যে কলকাতা পুরসভাই প্রথম এই প্রকল্প হাতে নিয়েছে। মাটির ১০ মিটার নিচে পৃথক দু’টি চেম্বারে বর্ষার জল জমিয়ে পরিশ্রুত করে পরে তা আবার প্রকৃতিতেই ফিরে যাবে। ফলে দু’ভাবে লাভবান হবে কলকাতা। প্রথমত, নিচু এলাকায় বর্ষার জল কিছুটা হলেও সামাল দেওয়া যাবে। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল যুগের পর যুগ ধরে কলকাতার বিস্তীর্ণ এলাকায় ডিপ টিউবওয়েলে জল তোলা হত। এখনও সংলগ্ন এলাকার কয়েকটি ওয়ার্ড পাম্পের জলের উপর নির্ভর করে। ফলে মাটির ভূগর্ভস্থ জলস্তর কমতে শুরু করেছে। এমনকী আর্সেনিকের প্রকোপ নিয়েও বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রেন ওয়াটার হারভেস্টিংয়ের ফলে বৃষ্টির জল মাটিতে মিশলে সেই সমস্যার অনেকটাই সুরাহা হবে। জলস্তর ক্রমশ বাড়বে।
এক পুরকর্তার কথায়, মাটির উপরে একটি খোলা পাইপ থাকবে। সেই পাইপ দিয়ে বর্ষার জল মাটির অন্তত ১০ মিটার নিচে ৭ফুট লম্বা ও সাড়ে চার ফুট চওড়া চেম্বারে জমা হবে। অপরিস্রুত জল থিতিয়ে গেলে পাশের মাইক্রো চেম্বারে পাঠানো হবে। দ্বিতীয় দফায় পরিশ্রুত হওয়ার পর সেই জল মাটিতেই মিশে যাবে। উত্তর কলকাতার বাগবাজার বা আমহার্স্ট স্ট্রিট বা দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি, চেতলা, কালীঘাট, জাজেস কোর্ট রোড-সহ গার্ডেনরিচ জল উৎপাদন ও সরবরাহ কেন্দ্রের মধ্যেই এই প্রকল্প করার জন্য জায়গা চিহ্নিত করার কাজ হয়েছে। পুরসভা সূত্রে খবর, কাজ সুষ্ঠুভাবে করার জন্য সংশ্লিষ্ট বরো চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেই কাজ হবে। কারণ, কোন এলাকায় জল জমে তা ভাল করে বলতে পারবেন বরো চেয়ারম্যান। বস্তুত, বৃষ্টির জল পরিশ্রুত করে মাটিতে ফিরিয়ে দেওয়ার এই প্রকল্পকে ঘিরে রীতিমতো উৎসাহিত পুর আধিকারিকরা। কারণ, প্রকল্প সফল হলে রাজ্যের অন্য পুরসভাতেও এইভাবে বৃষ্টির জলকে মাটিতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হবে।
সর্বশেষ খবর
-
‘সিএএতে নাগরিকত্ব দেওয়ার কাজ দ্রুত শেষ হবে’, শ্যামাপ্রসাদের জন্মদিবসে বড় বার্তা শাহের
-
কাশ্মীর থেকে শিক্ষানীতি! বিদেশ থেকে ভিডিওবার্তায় শ্যামাপ্রসাদের ‘শ্রেষ্ঠ ভারতে’র ছবি আঁকলেন মোদি
-
চতুর্থ বিয়ের ৫ মাসেই মা হলেন সুস্মিতা, প্রথমবার মাতৃত্বের স্বাদ পেয়ে কী জানালেন ইনফ্লুয়েন্সর?
-
পাঞ্জাবে ৪ বছরে শিশুকে ছিঁড়ে খেল পথকুকুর! আর্তনাদ শুনে ছুটে এসেও বাঁচাতে পারল না মা-বাবা
-
প্রেমিকার বাড়িতে ডেকে ৩ মাসের স্ত্রীকে খুন! নেপাল পালিয়েও হল না রক্ষা, পুলিশের জালে অভিযুক্তরা