কলকাতায় ঝেঁপে বৃষ্টি নামল। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো সকাল থেকে আকাশ মেঘলা ছিল। শহরের দু’এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ছাতা মাথায় ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে মানুষকে। তবে সন্ধে নামতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট পাঁচ জেলায় জারি লাল সতর্কতা।
হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার রাতে ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হুগলি জেলাতেও সন্ধে থেকেই তুমুল বৃষ্টি চলছে। বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি চলছে কলকাতায়। একাধিক রাস্তা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে।
আরও পড়ুন:
বুধবার সকাল থেকে রোদ-মেঘের খেলা দেখেছে কলকাতার আকাশ। মোটের উপর মেঘলা সকালেই ভোট কেটেছে শহরে। যদিও বেলা গড়াতেই মেঘের চাদর সরিয়ে উঁকি দিয়েছে বৈশাখের চেনা রোদ। তবে সন্ধে গড়াতেই আকাশে মেঘের ঘনঘটা ফিরল। রাত ৮টার বুলেটিনে আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি বাড়বে। যদিও ভোটের দিন একাধিক অফিস বন্ধ থাকায় রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। কিছুক্ষণের বৃষ্টিতেই কার্যত জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার একাধিক রাস্তা।
হাওয়া অফিসে জানিয়েছে, আগামী ৩-৪ দিন বৃষ্টি জারি থাকবে। মাঝেমধ্যেই ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রাও খানিকটা কমেছে। স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নামতে পারে কলকাতার তাপমাত্রার পারদ। সপ্তাহান্তেও আবহাওয়া মনোরমই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি চলছে। আগামী কয়েকদিন বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে।
সর্বশেষ খবর
-
দেদার হুমকি, দুর্নীতি! এবার পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল
-
দার্জিলিংয়ে পর্যটকদের ভিড়, পিছিয়ে গেল রয়্যাল বেঙ্গলের যাত্রা
-
‘কালা হিরণ’ নিয়ে প্রতারণার অভিযোগ গোবিন্দ নামদেবের, ‘সলমনপ্রীতি’ দেখাতেই চড়াও প্রযোজক
-
মর্মান্তিক স্মৃতি উসকে ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ৬.৭ রিখটার স্কেলে কাঁপল দ্বীপরাষ্ট্র
-
তৃণমূল ছাড়তেই মানসকে ‘দাদা’ বললেন দিলীপ! পদ্মে যোগদান নিয়ে জবাব, ‘দরজায় তালা’