সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়। যোধপুর পার্কের পালবাজারে বুধবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন। কিন্তু ততক্ষণে আগুন ভয়ংকর আকার নেয়। ভস্মীভূত হয়ে যায় বাজারের একাধিক দোকান। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান দমকল কর্মীরা।
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কীভাবে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান দমকল আধিকারিকদের। যদিও অন্য কারণ আছে কি না, তাও খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
জানা যায়, এদিন দুপুরের বাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতেও। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনার খবর পেয়েই এক এক করে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। তবে দুপুরে এই ঘটনা ঘটায় সেই সময় বাজারে তেমন ভিড় ছিল না। প্রায় সমস্ত দোকানই ছিল বন্ধ। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে বিধ্বংসী আগুনে একাধিক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। ফলে ব্যবসায়ীদের বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা।
উল্লেখ্য, উৎসবের আবহেই প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি রেস্তোরাঁর ছাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর মধ্যেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা শহরে।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন