ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কর্নেল সোফিয়া কুরেশির ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করা বিজেপি নেতার বিরুদ্ধে রাজ্যজুড়ে এফআইআর দায়ের করতে চলেছে কংগ্রেস। রাজ্যের প্রতিটি থানায় বিজয় শাহর বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সেই মতো আগামী দুদিনে রাজ্যের সব থানায় ওই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করতে চলেছেন কংগ্রেস কর্মীরা।
পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। অপারেশ সিঁদুরের বিফ্রিংয়ে দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারীশক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ।
বিজয় বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।” এই মন্তব্যে সোফিয়া কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত।
কিন্তু তাতে লাভের লাভ হয়নি। দেশজুড়ে ওই বিজেপি নেতার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে কংগ্রেস। ব্যতিক্রম নয় এ রাজ্যও। প্রদেশ কংগ্রেস সভাপতির সিদ্ধান্ত বিজয় শাহর বিরুদ্ধে রাজ্যজুড়ে এফআইআর দায়ের করা হবে। সেই মতো আগামী ৪৮ ঘণ্টায় প্রতিটি থানায় এফআইআর করবেন কংগ্রেস নেতারা। ইতিমধ্যেই ওই বিজেপি নেতাকে তিরস্কার করেছে সুপ্রিম কোর্টও।
সর্বশেষ খবর
-
বারাসতে বড় ম্যাচ ঘিরে হঠাৎই জটিলতা, ৬ সেপ্টেম্বর নৈশালোকে ডার্বির চেষ্টা আইএফএ-র
-
রাগের মাথায় লিভ-ইন পার্টনারকে সঙ্গে নিয়ে সাততলা থেকে মরণঝাঁপ তরুণীর! তারপর…
-
ঘরে-বাইরে সামলানো এক নারীর হাল না ছাড়ার গল্প, কেমন হল ‘ববিতা সিং রিপোর্টিং’?
-
গায়ক অঙ্কিত খুনে ‘অ্যাকশন মোডে’ যোগীর পুলিশ, এনকাউন্টারে খতম ২ শুটার
-
নাবালিকা মেয়ের বিয়ের খবর গোপন! ‘কন্যারত্ন’ প্রকল্পের টাকা আদায় করতে গিয়ে শ্রীঘরে বাবা