অর্ণব আইচ: হোটেলে ডেকে এক চিত্রগ্রাহকের ৬ লাখ টাকার ক্যামেরা চুরি করে পালাল ‘ক্লায়েন্ট’। ঘটনাটি ঘটেছে পূর্ব কলকাতার বেলেঘাটার একটি হোটেলে। তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হোটলটির সিসিটিভি ফুটেজ, রেজিস্ট্রার।
পুলিশ জানিয়েছে, ওই চিত্রগ্রাহক হুগলির চুচুঁড়ার বাসিন্দা। এক বন্ধুর মাধ্যমে তিনি কলকাতার ‘ক্লায়েন্টে’র সন্ধান পান। ওই ব্যক্তি তাঁকে বেলেঘাটা এলাকায় ই এম বাইপাসের কাছে একটি বিলাসবহুল হোটেলে ডেকে পাঠায়। চিত্রগ্রাহককে বলা হয় ওই হোটেলে একটি অনুষ্ঠানের ছবি তাঁকে তুলতে হবে। দু’দিন সেই অনুষ্ঠান চলবে। পারিশ্রমিক হিসাবে তাঁকে ২৫ হাজার টাকা দেওয়া হবে বলে স্থির হয়।
চিত্রগ্রাহক ওই হোটেলে পৌঁছলে বিনীত শর্মা নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে দেখা করে হোটেলের একটি রুমে নিয়ে যায়। তাঁকে বসতে বলে ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যান বলে দাবি। চিত্রগ্রাহকের সঙ্গে ছিল ক্যামেরা ও ছবি তোলার কাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম। তা নিয়ে চিত্রগ্রাহক দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও বিনীত আসেননি বলে জানিয়েছেন চিত্রগ্রাহক। ওই ব্যক্তি তাঁকে ফোন করে বলে, সে বিশেষ কাজে কাছেই একটি পাঁচতারা হোটেলে গিয়েছে। সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করতে। চিত্রগ্রাহক রুমের ভিতর তাঁর ব্যাগ রেখে ওই পাঁচতারা হোটেলে যান। কিন্তু সেখানেও কারও দেখা না পেয়ে বেলেঘাটার ওই রুমে ফিরে আসেন।
হোটেলে ফিরে দেখেন তাঁর ব্যাগ উধাও! ঘরের চারিদিকে খুঁজেও সেই ব্যাগ মেলেনি। তিনি পুরো হোটেল ঘুরে ব্যক্তিটির সন্ধান না পেয়ে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানিয়েছেন তাঁর ব্যাগে ক্যামেরা, একাধিক লেন্স, ল্যাপটপ, আলো ও আরও কিছু যন্ত্র। যার মূল প্রায় ৬ লাখ টাকা। হোটেলের সিসিটিভির ফুটেজ ও রেজিস্ট্রার খাতা দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন
-
ভয়াল ভাঙন! রতুয়ায় গঙ্গাবক্ষে তলিয়ে গেল স্কুলের একাংশ
-
টিনটিন না অ্যাসটেরিক্স? কমিকসের দ্বন্দ্ব সমাস
-
খেলার মাঝে পিষে দিল পিচ রোলার! গুরুগ্রাম ক্রিকেট অ্যাকাডেমিতে মর্মান্তিক মৃত্যু খুদে ক্রিকেটারের
-
‘মুখ্যমন্ত্রী হতে চান? ওয়েইসির হাত ধরুন’, উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশকে পরামর্শ মিমের