অর্ণব আইচ: সাতসকালে রাস্তায় ফলবিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল রাজাবাজারে (Rajabazar)। মৃতের নাম মেহতাব আলম। জানা গিয়েছে, বাইকে করে দুষ্কৃতীরা এসে মেহতাবকে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কেন এই হামলা? নেপথ্যে কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, রাজাবাজারে (Rajabazar) মেহতাব আলমের ফলের দোকান দীর্ঘদিনের। অন্যান্যদিনের মতোই সোমবার সকালে দোকান খোলেন তিনি। সাড়ে ৯ টা নাগাদ বাইকে দুই যুবক তাঁর দোকানে আসে। আচমকাই স্থানীয়রা দেখেন বাইকে আসা যুবকেরা এলোপাথাড়ি কোপাচ্ছে মেহতাবকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন যুবক। পরিস্থিতি বেগতিক বুঝে উধাও হয়ে যায় আততায়ীরা। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আক্রান্তকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী মারফত জানা গিয়েছে, বাইকে আসা ২ যুবকের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল মেহতাবের। কিন্তু কী নিয়ে, তা জানা যায়নি। স্রেফ ফল কেনা নিয়ে বচসা নাকি অন্য কিছু, তাও এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও