অর্ণব আইচ: কলকাতায় ফের ভুয়ো কল সেন্টারের ফাঁদ পেতে লক্ষ, লক্ষ টাকার আর্থিক প্রতারণা! দেশ তো বটেই, বিদেশেও জাল বিস্তার করেছিল প্রতারকরা। ট্যাংরার ১০ নম্বর ডিসি দে রায় রোডের ধারে এক আবাসনে হানা দিয়ে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে লক্ষাধিক টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি রাউটার, একটি হার্ড ডিস্ক, মাইক্রোফোন-সহ হেডফোন উদ্ধার করা হয়েছে।
কীভাবে চলত প্রতারণা? অভিযুক্তরা প্রথমে নিজেদের নামী সংস্থার নাম নিয়ে ফোন করে সেই সংস্থার কর্মী বলে পরিচয় দিতেন। কম্পিউটারের সমস্যা ঠিক করার নামে প্রতারিত ব্যক্তিদের বিশ্বাস অর্জন করতেন। তারপরই কম্পিউটারের বিভিন্ন তথ্য হাতিয়ে, সার্ভিসের নামে টাকা চাইতেন বলে অভিযোগ। তারপর প্রতারিত ব্যক্তির ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। এক বিদেশি নাগরিক এই চক্রে পা দিয়ে ভারতীয় মূল্যের প্রায় ৯ লক্ষ টাকা খুইয়েছেন।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ট্যাংরার ওই এলাকা থেকে প্রতারণা চক্র চলছে। গোপন সূত্রে সেই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইয়াশির ইকবাল, অনুভব সাউ, রায়ান ইকবাল, শাইন মহম্মদ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও প্রযুক্তি আইনের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। চারজনকে মঙ্গলবার নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?
-
ঋতব্রতর শিবিরে ফিরহাদ? তৃণমূলের বিদ্রোহী শিবিরের শক্তি বাড়াতে চর্চায় প্রাক্তন মেয়রের ভূমিকা
-
বাদশার কাঁধে মাথা পাক অভিনেত্রীর! নিষেধাজ্ঞা সত্ত্বেও জোট বাঁধছেন র্যাপার?