সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাওবাদমুক্ত ভারতের লক্ষ্যে আরও এক কদম নিরাপত্তাবাহিনীর। শুক্রবার সকালে নিরাপত্তাবাহিনীর অভিযানে মৃত্যু হল এক মহিলা মাওবাদী নেত্রীর। শুক্রবার সকালে এই অভিযান চালানো হয় ছত্তিশগড়ের কাঁকের জেলায়। এই নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র বস্তার এলাকায় মৃত্যু হল ২১৩ জন মাওবাদীর।
পুলিশের তরফে জনানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ছোটেবেথিয়া থানা এলাকায় অভিযানে নামে ডিআরজি, বিএসএফ ও পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনী। খবর ছিল কত্রি নদীর তীরে জঙ্গলঘেরা আমাতোলা ও কালপার গ্রামে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদীর একটি দল। সেইমতো এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবেশেষে মৃত্যু হয় এক মহিলা মাও নেত্রীর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে ফের বড় সাফল্য।
সর্বশেষ খবর
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!
-
কাঁটাতারে ক্ষতবিক্ষত ১৪ ফুটের কিং কোবরা! তোলা হল অপারেশন টেবিলে, তারপর যা হল…
-
সাইবার হামলায় বিপর্যস্ত আমেরিকার ৭ প্রদেশের জল সরবরাহ ব্যবস্থা! বদলা নিচ্ছে ইরান?
-
বন্ধুর স্ত্রী ও সন্তানকে নিয়ে নৌকাবিহারে রাহুল গান্ধী! ‘এরা কারা রাহুলজি?’ খোঁচা গিরিরাজের
-
শুধু কঙ্গোয় ২০০০ জনের মৃত্যু! রেকর্ড গতিতে ছড়াচ্ছে মারণ ইবোলা, সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা