সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে যোগ রয়েছে পাকিস্তান এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের। গেরুয়া শিবিরের পাশাপাশি বারবার এই অভিযোগ তুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। তাই এই অভিযোগ প্রমাণ করতে কয়েকমাস আগে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। সোমবার হিমন্তের হাতে এসেছে সেই তদন্তের রিপোর্ট। প্রাথমিকভাবে ওই রিপোর্টটিকে মারাত্মক এবং ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার হিমন্ত বলেন, “রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিটের এই রিপোর্ট নিয়ে কিছু আলোচনা হয়েছে। শীঘ্রই আমরা তা প্রকাশ্যে আনবো। আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এই রিপোর্ট ভয়াবহ এবং মারাত্মক।” তিনি আরও বলেন, “আমরা গোটা বিষয়টিকে বৃহত্তর পরিসরে আনার চেষ্টা করছি। কারণ, গগৈ কংগ্রেসের সাংসদ। তাই তাঁর আসল চরিত্র সম্পর্কে গোটা দেশের জানা উচিত।” উল্লেখ্য, স্পেশাল ডিজিপি (সিআইডি) মুন্না প্রসাদ গুপ্তের নেতৃত্বে গঠিত এই সিট গত ১০ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর কাছে এই রিপোর্ট জমা দেয়। যদিও গগৈয়ের দাবি, গোটা তদন্তটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।
প্রসঙ্গত, বিজেপি অভিযোগ তুলেছিল গৌরবের স্ত্রী এলিজাবেথ কলবোর্নের যোগ রয়েছে আইএসআইয়ের সঙ্গে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া অভিযোগ করেন, গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্ন পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন। পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে ইসলামাবাদে কাজ করেছেন। মার্কিন ধনকুবের জর্জ সোরসের একটি সংস্থার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। গৌরবের স্ত্রীর এখনও ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে বলেও দাবি করে বিজেপি। এ নিয়ে একটি পোস্ট করেন হিমন্তও। গৌরবের নাম না করে তাঁর বক্তব্য, এক তরুণ নেতার স্ত্রীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ উঠছে। এটা জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। ওই নেতার উচিত এ নিয়ে সব তথ্য প্রকাশ করা। যদিও সেই অভিযোগ পরে খণ্ডন করেন গৌরব।
সর্বশেষ খবর
-
ছাব্বিশে ফিরল ʼ১৪-র স্মৃতি, ৭ গোল দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির
-
সই জাল কাণ্ডে কুণাল-অভিষেককে মুখোমুখি জেরা, বয়ানে অসংগতি সাংসদের! ফের তলবের ভাবনা সিআইডির
-
লেবানন নিয়ে ইজরায়েল-ইরানের মধ্যে মধ্যস্থতা, ‘আমরা শান্তির দোরগোড়ায়’, বার্তা ট্রাম্পের
-
ক্রিকেট মাঠে ফের ‘সার্জিক্যাল স্ট্রাইক’ ভারতের, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু স্মৃতি-দীপ্তিদের
-
হাতের সঙ্গে জুড়ছে মমতার তৃণমূল? জল্পনার মাঝেই ২১ জুলাই ‘শহিদ তর্পণে’ রাহুলকে আনার প্রস্তুতি প্রদেশ কংগ্রেসের