রাজ্যের নাম পশ্চিমবঙ্গ থেকে বদলে যে ‘বাংলা’ করা হবে না, সেটা আগেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সংসদে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও একই কথার পুনরাবৃত্তি করলেন। শমীক সাফ বলে দিলেন, আগের সরকার সংখ্যার জেরে ‘বাংলা’ নামের প্রস্তাব পাশ করেছিল। বিজেপি তখনও বিরোধিতা করেছে। এখনও করছে।
বুধবার সংসদে কেরলের নাম বদল সংক্রান্ত বিল নিয়ে আলোচনা হচ্ছিল। কেরলের নাম বদলে কেরলম করার প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সেটা নিয়েই একটি বিল আনা হয়েছে। সেই বিল নিয়ে বলতে গিয়ে তৃণমূলের ডেরেক ও ব্রায়েন আক্ষেপের সুরে বলেন, “আমরা ৭-৮ বছর ধরে রাজ্যের নাম বাংলা করার দাবি জানাচ্ছি। কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আমরা কেরলের জন্য খুশি। কিন্তু কেন বাংলার দাবি মানা হল না সেটা বুঝতে পারছি না।” ওই বিল নিয়ে প্রশ্নের জবাব দিতে গিয়েই শমীক ভট্টাচার্য ১৯৪৭ সালের ২০ জুন ঐতিহাসিক ভোটাভুটির ইতিহাস টেনে পশ্চিমবঙ্গ নামের গুরুত্ব বোঝান। তিনি প্রস্তাব দেন, রাজ্যের নাম বাংলা নয়, আবার ইংরাজির ওয়েস্ট বেঙ্গলও নয়। বরং সব ভাষাতেই পশ্চিমবঙ্গ রাখা হোক।
আরও পড়ুন:
সংসদে শমীক বলেন, “আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আসছি, তাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক অতীত আছে। আমাদের নাম হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল ১৯৪৭ সালের ২০ জুন। সেদিন কংগ্রেসও বলেছিল পাকিস্তান না পশ্চিম পাকিস্তান, তা বিচার্য নয়। বাঙালি হিন্দুদের জন্য একটি আলাদা হোমল্যান্ড দরকার। ওয়েস্ট বেঙ্গলের বদলে শুধু বাংলা করলে সেদিন যাঁরা শহিদ হয়েছিলেন, রক্তস্নান করেছিলেন, তাঁদের অবদান বিস্মৃত হয়ে যাব। তাই ওয়েস্ট বেঙ্গল নয়, পশ্চিম বঙ্গাল নয়, ঠিক যেমন বিহারের নাম পাটলিপুত্র হওয়া উচিত। তেমনই বাংলার নাম পশ্চিমবঙ্গ হওয়া উচিত।”
শমীকের সাফ কথা, “তৃণমূল জমানায় শুধু সংখ্যার জোরে পশ্চিমবঙ্গের নাম পাল্টে বাংলা করা হয়েছিল।” একই সঙ্গে এদিন বিহারের বক্তিয়ারপুরের নাম বদলেরও দাবি জানান শমীক। তিনি বলেন, “কলকাতা থেকে নালন্দা দেখতে যেতে হলে বক্তিয়ারপুর জংশন নামতে হয়। যে বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল, আজ স্বাধীন ভারতে তার নামে স্টেশন থাকলে, জাতীয় লজ্জা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের