সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিঁড়িতে একা পেয়েই মহিলা কর্মীকে জাপটে ধরলেন বিজেপি নেতা! দিনকয়েক আগে উত্তরপ্রদেশের বিজেপি নেতা অমর কিশোর কাশ্যপের এমন এক বিতর্কিত ভিডিও ভাইরাল হয়েছিল। এবার সেই কাণ্ডের জেরে অমরকে নোটিস ধরাল বিজেপি নেতৃত্ব। সাতদিনের মধ্যে তাঁকে নোটিসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত অমর উত্তরপ্রদেশের গোণ্ডা শহরের বিজেপি ইউনিটের প্রধান। গত ১২ মে সিসিটিভি ফুটেজে দেখা যায়, পার্টি অফিসে দলেরই এক মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণ করছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে পার্টি অফিসের সিঁড়ি দিয়ে উঠছেন ওই মহিলা। সেই সময়ে পিছন থেকে এসে মহিলার কাঁধ জড়িয়ে ধরেন অমর। সেই অবস্থায় কয়েকটি সিঁড়ি ওঠেন দু’জনে। তারপরে একে অপরকে জড়িয়ে ধরেন। খানিকক্ষণ পরে আবার একসঙ্গে সিঁড়ি দিয়ে উঠে যান দু’জনে।
দলীয় কার্যালয়ের এই ভিডিও ভাইরাল হয়ে যেতেই বিজেপি নেতৃত্বের কাছে অভিযোগ জানান গেরুয়া শিবিরের আরেক কর্মী। গোটা ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে দাবি করে ওই কর্মী অভিযোগ জানান। তারপরেই নোটিস ধরানো হয়েছে অমরকে। সেখানে বলা হয়েছে, অমরের এহেন আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তিনি শৃঙ্খলা ভেঙেছেন। কেন এমন আচরণ করেছেন, সাতদিনের মধ্যে সেই প্রশ্নের জবাব দিতে হবে অমরকে।
যদিও বিজেপি নেতার দাবি, তাঁকে বিপদে ফেলার জন্য ভিডিওটির ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ওই মহিলা কর্মী অসুস্থ বোধ করছিলেন। সিঁড়ি দিয়ে ওঠার সময়ে মাথা ঘুরছিল। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে দাবি অমরের। তাঁর কথায়, দলীয় কর্মীকে সাহায্য করাটা যদি অপরাধ হয় তারপরে তো আর কিছু বলার থাকে না। উল্লেখ্য, দিনদুয়েক আগেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধকড়ের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসে। সেই নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তার মধ্যেই ফের মহিলাদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল আরেক বিজেপি নেতার বিরুদ্ধে।
সর্বশেষ খবর
-
নেপালে ধেয়ে আসছে মৃত্যুবান! ৫ মাস আগেই সতর্ক করেছিল জোড়া রিপোর্ট, তবু কেন উপেক্ষা?
-
প্রকৃতি আর প্রাণের বাঁধন! গাছে রাখি বেঁধে নজির গড়ল উলুবেড়িয়ার খুদে পড়ুয়ারা
-
৩ সপ্তাহে শেষ করতে হবে পুনর্তদন্ত, আর জি কর কাণ্ডে ডেডলাইন বেঁধে দিল হাই কোর্ট
-
বয়কট বিতর্ক ভুলে চূড়ান্ত নতুন সময়সূচি! আগামী বছরেই বাংলাদেশ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া?
-
‘নারীদের নোংরাভাবে দেখিয়ে টাকা কামাচ্ছে, সেন্সর ছাড় দিল কেন?’, ‘টক্সিক’ নিয়ে ক্ষিপ্ত ‘হিন্দুত্ববাদী’ আন্নামালাই