সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শনিবারের বাজেট বক্তৃতায় রেল নিয়ে টু শব্দটিও করেননি। তাতে নানা মহল থেকে অভিযোগ আসছিল, এবারও হয়তো রেলের বাজেটে বিশেষ কোনও চমক নেই। বিশেষ করে রেলের যাত্রী সুরক্ষা এবং ‘কবচে’র উল্লেখ বাজেটে না থাকায় অনেকেই হতাশ হন। কিন্তু বাজেটের পরই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন, বঞ্চনার প্রশ্নই নেই। রেলে বিরাট বরাদ্দ করেছেন নির্মলা সীতারমণ।
বৈষ্ণবের ঘোষণা, রেলে এই যে বিরাট বরাদ্দ হয়েছে তাতে আগামী দিনে যাত্রী সুরক্ষা, রেলের স্থায়ী সম্পত্তি বৃদ্ধি, পরিকাঠামো খাতে যেমন খরচ করা হবে, তেমনই আমজনতার জন্য একগুচ্ছ নতুন ট্রেনও চালু করা হবে। রেল মন্ত্রক আগামী দু’বছরে প্রায় সাড়ে সতেরো হাজার কামরা নির্মাণের লক্ষ্য নিয়েছে।
রেলমন্ত্রী জানিয়েছেন, আগামী ২-৩ বছরে আরও অন্তত ২০০টি বন্দে ভারত ট্রেন চালানোর টার্গেট নিয়েছেন রেলমন্ত্রী। এর মধ্যে ২৪ কামরার অন্তত পঞ্চাশটি ‘বন্দে ভারত’ স্লিপার ট্রেন আগামী দু’বছরে চালানোর পরিকল্পনা নিয়েছে রেল মন্ত্রক। এখানেই শেষ নয় গরিব যাত্রীদের জন্য আরও ১০০টি অমৃত ভারত এবং ৫০টি নমো ভারত ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। যদিও চলতি বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ছুঁতে ব্যর্থ হয়েছে রেল। বাজেট নথি বলছে, লক্ষ্য থেকে প্রায় পনেরোশো কোটি টাকার কম আয় হয়েছে। বেড়েছে অপারেটিং রেশিও। বর্তমানে একশো টাকা আয় করতে রেলের খরচ হচ্ছে ৯৮.৯০ শতাংশ।
বাজেট নথি বলছে, পরিকাঠামো খাতে খরচ ধরা হয়েছে ২.৫২ লক্ষ কোটি টাকা। যে অর্থের একটি বড় অংশ নিরাপত্তা এবং রেলের স্থায়ী সম্পদ তৈরিতে ব্যবহার হওয়ার কথা রয়েছে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই রেলের ১০০ শতাংশ লাইনে বৈদ্যুতিকরণ সম্পন্ন হবে। কয়েক হাজার ফ্লাইওভার, আন্ডারপাস এবং রেলের স্থায়ী সম্পত্তি বাড়ানোয় যোগ দেওয়া হবে। তাৎপর্যপূর্ণভাবে কবচ নিয়ে বিশেষ আশ্বাস দিতে পারলেন না রেলমন্ত্রীও।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার