সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁসির সাজা খারিজ হয়েছিল আগেই, কুখ্যাত নিঠারি হত্যাকাণ্ডে শেষ মামলা থেকেও বেকসুর খালাস করা হল মূল অভিযুক্ত সুরিন্দর কোলিকে। সোমবার এই মামলার শুনানিতে সুরিন্দরকে বেকসুর খালাস করেছে দেশের প্রধান বিচারপতি বি আর গভাই, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ। ফলে খুন, খুনের পর ধর্ষণ ও নরমাংস ভক্ষণের অভিযোগ ওঠা সুরিন্দরের জেলের বাইরে পা রাখতে আর কোনও বাধা রইল না।
নিঠারি মামলায় কোলিকে প্রথমে ফাঁসির সাজা শুনিয়েছিল সিবিআই আদালত। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাই কোর্টে রেহাই পায় অভিযুক্ত। ২০১১ সালে এই মামলা ওঠে সুপ্রিম কোর্টে। সেখানে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পালটা সুপ্রিম কোর্টেই রায়কে চ্যালেঞ্জ জানায় কোলি। সেই রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছিল, শুধুমাত্র জবানবন্দি ও বাজেয়াপ্ত একটি রান্নাঘরে ব্যবহৃত ছুরির উপরে ভিত্তি করে সুরেন্দ্রকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এখনও সেই রায় বহাল রাখা হলে তা ‘ন্যায়বিচারের প্রতি উপহাস হবে’।
কোলির বিরুদ্ধে দায়ের হওয়া ১৩টি মামলার মধ্যে ১২টি মামলাতেই আগেই খালাস পায় অভিযুক্ত। শেষ মামলা ছিল ১৫ বছরের এক কিশোরীকে খুনের অভিযোগ। সেই মামলাতেও পর্যাপ্ত প্রমাণের অভাবে সুরিন্দর কোলিকে বেকসুর খালাস করল প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। ফলে সবকটি মামলা থেকেই বেকসুর খালাস পাওয়ায় কোলির জেলমুক্তিতে আর কোনও বাধা রইল না।
উল্লেখ্য, ২০০৫ সালে নয়ডার নিঠারি হত্যামামলা গোটা দেশে আলোড়ন ফেলেছিল। সুরিন্দর কোলি এবং মণীন্দর সিং পান্ধেররা রীতিমতো ত্রাস হয়ে উঠেছিল সকলের কাছে। একের পর এক শিশু, কিশোরী নিখোঁজ এবং শেষমেশ তাদের দেহাবশেষ উদ্ধার। ধারাবাহিক নিখোঁজ ও খুনের ঘটনার তদন্তে নেমে ২০০৬ সালে নয়ডায় দুই ‘নরখাদকে’র খোঁজ পান তদন্তকারীরা – সুরিন্দর কোলি ও মণীন্দর সিং পান্ধের। তাঁদের বীভৎস কীর্তি সামনে আসার পর শিউরে ওঠে গোটা দেশ। সিবিআই তদন্তে নেমে জানতে পারে, এলাকার ছোটদের চকোলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের পর খুন করা হতো। তারপর দেহাংশ সিদ্ধ করে খাওয়া হতো এবং হাড়গোড় পুঁতে ফেলা হতো মাটিতে। তদন্তে নেমে তাদের ঘর থেকে প্রচুর কঙ্কাল উদ্ধার হয়। ভয়ংকর সেই ঘটনা অবলম্বনে তৈরি হয় ‘সেক্টর ৩৬’ সিনেমাও।
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর