তিন মাসে দু’বার বেড়েছে রান্নার গ্যাসের দাম। সাম্প্রতিক বৃদ্ধি সিলিন্ডার-পিছু ২৯ টাকা। ফলত, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। কিন্তু এই পরিস্থিতিতেও যেটা বিচার্য, সেটা হল–দাম বাড়লেও বিশ্বে অনেক দেশের তুলনায় ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম অনেকটাই কম। এমনকী সর্বনিম্ন মূল্যের তালিকায় অন্যতম। কেন্দ্রীয় সরকারেরও দাবি সেটাই।
ঠিক কীভাবে? ব্যাখ্যা করা যাক। ভারতের এলপিজি আমদানি মূল্য নিয়ন্ত্রিত হয় সৌদি কনট্র্যাক্ট প্রাইস (সিপি) মেনে। এই সিপি-ই হল এক্ষেত্রে এই নির্দিষ্ট জ্বালানি সংক্রান্ত গ্লোবাল বেঞ্চমার্ক তথা বিশ্বব্যাপী মাপকাঠি। আর তা অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ধরলে ভারতের ক্ষেত্রে মূল্য অন্তত ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কারণ অবশ্যই পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক সংঘাত, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলে প্রতিকূলতা প্রভৃতি। অথচ কেন্দ্রীয় সরকারের দাবি, আন্তর্জাতিক স্তরে এলপিজি-তে চড়া মূল্যবৃদ্ধি লক্ষিত হলেও ভারতে এখনও রান্নার গ্যাসের জন্য নাকি ন্যূনতম মূল্য দিতে হচ্ছে নাগরিকদের। ভারতে রান্নার গ্যাসের দাম বাড়লেও এখনও তা বিশ্বের বহু দেশের তুলনায় কম। এই তালিকায় যেমন রয়েছে পড়শি পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। তেমনই আবার উন্নত অর্থনীতির দেশ হিসাবে পরিচিত আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডাও রয়েছে। এই সমস্ত দেশে গৃহস্থালিতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ভারতের তুলনায় বেশি।
আরও পড়ুন:
কেন্দ্রীয় সরকারের দাবি, আন্তর্জাতিক স্তরে এলপিজি-তে চড়া মূল্যবৃদ্ধি লক্ষিত হলেও ভারতে এখনও রান্নার গ্যাসের জন্য নাকি ন্যূনতম মূল্য দিতে হচ্ছে নাগরিকদের।
কেন্দ্রীয় সরকার আরও জানাচ্ছে, ইরান বনাম আমেরিকা-ইজরায়েল দ্বন্দ্ব যখন চরমে, হরমুজ প্রণালী নিয়ে টানাপোড়েনে যখন বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তখনও ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারের জোগান অবিঘ্নিত থেকেছে। ঘাটতি হয়নি। কারণ তখন সংকট মোকাবিলায় দেশীয় স্তরে এলপিজি উৎপাদন এবং জোগানে জোর দেওয়া হয়েছিল। সেকারণেই পূর্ববর্তী আর্থিক বর্ষের শেষে দেশীয় বাজারে এলপিজি-র বিক্রি বেড়ে দাঁড়িয়েছিল ৬০,০০০ কোটি টাকায়। তার আগের বছর যা ছিল ৪১,৩৩৮ কোটি টাকা।
প্রসঙ্গত, গত ১ জুন থেকে কলকাতায় সিলিন্ডার পিছু বাণিজ্যিক গ্যাসের দাম ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে হয় ৩২৫৫ টাকা ৫০ পয়সা। আর এর ঠিক পাঁচ দিনের মাথায়, ফের দাম বাড়ে ১৪.২ কেজির সিলিন্ডারের। নয়াদিল্লিতে বর্ধিত দাম ৯৪২ টাকা। আগে ছিল ৯১৩ টাকা। কলকাতায় ৯৬৮ টাকা। গৃহস্থালির রান্নার গ্যাসের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ৫ ও ১০ কেজি সিলিন্ডারের দামও। ৫ কেজি সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বেড়ে হয় ৩৫৮.৫০ টাকা। আর ১০ কেজির ক্ষেত্রে দাম বেড়ে হয় ৬৯১.৫০ টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে