Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Hormuz

ফের রুদ্ধ হরমুজ! আবারও কি চড়চড়িয়ে বাড়বে রান্নার গ্যাসের দাম?

‘তৈল ধমনী’ হরমুজে জাহাজ চলাচল ফের থমকে দাঁড়িয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২০:১৩

options
link
ফের রুদ্ধ হরমুজ! আবারও কি চড়চড়িয়ে বাড়বে রান্নার গ্যাসের দাম? zoom
ফাইল ছবি।
Advertisement

দুই দেশের মধ্যে শান্তিচুক্তি সই হওয়ার পর থেকেই ‘তৈল ধমনী’ হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেই আশা ছিল। প্রাথমিক ভাবে সব কিছু স্বাভাবিক ছিলও। কিন্তু ফের ঘনিয়েছে যুদ্ধের মেঘ। ফলে থমকে গিয়েছে হরমুজ প্রণালী। আর সেই কারণেই বাড়ছে ভয়! তাহলে কি এদেশে ফের রান্নার গ্যাসের মতো দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে?

তবে সাম্প্রতিক এই সংকট বিশ্বজুড়ে দীর্ঘ কয়েক মাস ধরে চলা জ্বালানি সংকটের তুলনায় আলাদা বলেই মনে করা হচ্ছে। আসলে গত ৯০ দিনে ভারত অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে উৎসে বৈচিত্র এনেছে। তাৎক্ষণিক বাজারের মাধ্যমে কেনাকাটা যেমন বাড়িয়েছে, তেমনই উপসাগরীয় দেশগুলির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির উপরে নির্ভরতা কমিয়েছে। এই পরিবর্তনের ফলে, বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে কোনও বিঘ্ন ঘটলে তা সামাল দেওয়ার ক্ষেত্রে মার্চ মাসের তুলনায় ভারত এখন অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে। জ্বালানি নিরাপত্তাকে সুদৃঢ় ও সুরক্ষিত করার এই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে।

Advertisement

ইরান-আমেরিকা যুদ্ধের জেরে বিশ্ববাজারে হুহু করে বেড়েছে তেলের দাম। তার প্রভাব পড়েছিল ভারতেও। নির্বাচনের আগে পর্যন্ত জ্বালানির দামে লাগাম টেনে রেখেছিল কেন্দ্র। কিন্তু সেসময়ে তেল সংস্থাগুলি ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এহেন পরিস্থিতিতে তেল সংস্থাগুলির চাপের মুখে পড়ে দফায় দফায় পেট্রল এবং ডিজেলের দাম বাড়িয়েছে কেন্দ্র। তবে জ্বালানি তেলের দাম বাড়লে শুধু পরিবহণ খরচ বাড়ে না, সার্বিক জীবনযাপনে এর বিরাট প্রভাব পড়ে। ইতিমধ্যেই জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে একাধিক নিত্যপ্রয়োজনীয় জিনিসের। তবে এবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে নয়াদিল্লি, এমনটাই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, হরমুজে ভারতীয় নাবিকবাহী জাহাজে ইরানের হামলাকে কেন্দ্র করে ফের যুদ্ধের আগুন লেগেছে মধ্যপ্রাচ্যে। রবিবার ইরানের কেশম, সিরিক, বন্দর আব্বাস, জাস্ক, বুশেহর-সহ ১৪০টি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা। এর জবাবে গোটা মধ্যপ্রাচ্যে এলোপাথাড়ি হামলা শুরু করে ইরান। সব মিলিয়ে পরিস্থিতি ফের ভয়ংকর আকার ধারণ করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.