Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Zombie Drug Video

জম্বি ড্রাগে ছেয়েছে পাঞ্জাব! ভিডিও পোস্ট করলেন ভাজ্জি, সাংসদকে তুমুল ট্রোল নেটিজেনদের

তুমুল ট্রোলড হলেন হরভজন সিং। আপের টিকিটে রাজ্যসভা সাংসদ হয়েছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। কিছুদিন আগে নাম লিখিয়েছেন বিজেপিতে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৪:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৪:৫৭

options
link
জম্বি ড্রাগে ছেয়েছে পাঞ্জাব! ভিডিও পোস্ট করলেন ভাজ্জি, সাংসদকে তুমুল ট্রোল নেটিজেনদের zoom
ভিডিও শেয়ার করে তুমুল ট্রোলড হলেন হরভজন সিং।
Advertisement

‘জম্বি ড্রাগ’ খেয়ে মাঝরাস্তায় মূর্তির মতো দাঁড়িয়ে দুই যুবক। সেই ভিডিও (Zombie Drug Video) শেয়ার করে তুমুল ট্রোলড হলেন হরভজন সিং (Harbhajan Singh)। আপের টিকিটে রাজ্যসভা সাংসদ হয়েছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার। কিছুদিন আগে নাম লিখিয়েছেন বিজেপিতে। তারপরই আপশাসিত পাঞ্জাবে ড্রাগের ‘বাড়বাড়ন্ত’ নিয়ে পোস্ট করেছেন। কিন্তু ‘জম্বি ড্রাগে’র ওই সমস্যা আদতে পাঞ্জাবের নয়!

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। সেখানে দেখা যাচ্ছে মাদকাসক্ত দুই যুবককে। নেশায় এতটাই চুর যে হাঁটার চেষ্টা করলেও এগোতে পারছে না তারা। এই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন হরভজন। সটান বলে বসেন, এটাই পাঞ্জাবের বর্তমান দশা। মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠেছে আপশাসিত পাঞ্জাব। আক্ষেপ করে হরভজন বলেন, পাঞ্জাবের যুবসমাজের অনেক উন্নত পরিবেশ পাওয়া উচিত। এখানেই না থেমে তিনি পাঞ্জাব সরকারের সততা, বিশ্বাসযোগ্যতা, অপদার্থতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন।

Advertisement

এতকিছুর পর জানা গেল, ওই ভিডিওটি মোটেই পাঞ্জাবের নয়! এই ঘটনাটি রাজস্থানের, যা কিনা বিজেপিশাসিত রাজ্য ভাজ্জির সেই ভুল ধরিয়ে দিয়েছেন পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী বলজিৎ কউর। তিনি জানান, রাজস্থানের শ্রী গঙ্গানগরের এই ভিডিওকে পাঞ্জাবের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। বলজিৎ সাফ দাবি করেন, বিজেপি শীর্ষ নেতৃত্বকে তুষ্ট করতে চাইছেন হরভজন। বিজেপিকে রাজনৈতিক ফায়দা দিতেই পাঞ্জাবের ভাবমূর্তিতে কালি ছেটাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় তুমুল সমালোচনার শিকার ভাজ্জি।

উল্লেখ্য, মার্কিন মুলুকে হুহু করে ছড়িয়ে পড়ছে এই জম্বি ড্রাগ। কী হয় ‘ট্রাঙ্ক’ নামে পরিচিত এই মাদক খেলে? বলা হচ্ছে, এর নেশায় টানা ঘুমোতে থাকেন নেশাগ্রস্ত। সেই সঙ্গেই তাঁর শ্বাসযন্ত্রও দুর্বল হতে শুরু করে। নিয়মিত নেশা করলে সর্বক্ষণ একটা ঝিমুনি ভাব থাকে। সেই সঙ্গে মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে যেতে থাকে! এই সময় তাঁরা প্রায় জম্বির মতোই আচরণ করতে থাকেন। কেউ চিৎকার করতে থাকেন। কেউ রাস্তার মধ্যে দাঁড়িয়ে হাত-পা বেঁকিয়ে ও মাথা নিচু করে গোঙাতে থাকেন। সেই ছবিই ধরা পড়েছে রাজস্থানের ভিডিওতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.