সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার সংশোধিত ওয়াকফ আইনের বৈধতা সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট। ঠিক তার আগের দিন শীর্ষ আদালতে ওয়াকফ আইনের বিরুদ্ধে মামলা করল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে। তাদের অভিযোগ, অধিকাংশ অংশিদারের ইচ্ছের বিরুদ্ধে বিলটি সংসদীয় নিয়ম ও পদ্ধতি লঙ্ঘন করে পাস করা হয়েছে। সংশোধিত ওয়াকফ আইন অসাংবিধনিক বলেও দাবি করেছে ডিএমকে।
সংসদের দু’কক্ষে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল, ২০২৫। গত ৮ এপ্রিল রাষ্ট্রপতি এই বিলে স্বাক্ষর করায় সেটি আইনে পরিণত হয়। যদিও সংশোধিত ওয়াকফ আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছে। সেই মামলায় গত ২৫ এপ্রিল নিজেদের বক্তব্য জানিয়ে হলফনামা জমা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার ওই সংক্রান্ত একগুচ্ছ আবেদনের শুনানি রয়েছে। এর মধ্যেই নতুন করে মামলা করল স্ট্যালিনের দল।
ডিএমকে নিজেদের আবেদনে জানিয়েছে, জেপিসি আলোচনা চলাকালীন, কমিটির সামনে উপস্থিত ৯৫ শতাংশ অংশিদার বিলটির তীব্র বিরোধিতা করেছিলেন। সমর্থনকারী বাকি ৫ শতাংশ অংশীদারের “সাম্প্রদায়িক স্বার্থ এবং এজেন্ডা” রয়েছে। এর ফলেই এই বিল তথা আইনের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
গত ১৭ এপ্রিল এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ৫ মে পর্যন্ত ১৯৯৫ সালের আইনে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে কোনও বদল ঘটানো যাবে না। নিয়োগ করা যাবে না কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড বা পর্ষদেও। এরপর সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক হলফনামা জমা করে কেন্দ্র। সেখানে আইনের কোনও বিধানের উপর কোনও রকমের স্থগিতাদেশের বিরোধিতা করে কেন্দ্র। কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল এবং বোর্ডগুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্তির বিধানকে স্থগিত করার সিদ্ধান্তের জন্যও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তিকালীন রায়ের তীব্র বিরোধিতা করে কেন্দ্র। সেই মামলারই শুনানি হবে সোমবার।
সর্বশেষ খবর
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকার কাটিয়ে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা
-
বিশ্বকাপের আগে ‘অমানবিক’ ফিফা! দর্শকদের ভোগান্তি বাড়তে পারে এই সিদ্ধান্তে
-
দাউদ ইব্রাহিমের হাড়হিম হুমকি, ‘তোর খেলা শেষ’, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত
-
ভেঙে খানখান সাধের দল! ‘বিদ্রোহী’দের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা