সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনেই এক সিআরপিএফ জওয়ানকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। গত সোমবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার সোনিপাতে। জানা গিয়েছে, খুনের একদিন আগেই তিনি একদল কাঁওয়ার যাত্রীর সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন। তার জেরেই কি খুন হতে হল তাঁকে? এই প্রশ্নটিই এখন উঠতে শুরু করেছে। ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত ওই জওয়ানের নাম কৃষাণ কুমার (৩০)। তিনি ছত্তিশগড়ে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তিনি সোনিপাতে তাঁর গ্রামের বাড়িতে ফিরেছিলেন। সেখানেই একদল কাঁওয়ার যাত্রীর সঙ্গে তিনি বিবাদে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই ঘটনার পরদিনই অর্থাৎ সোমবার বাড়ির সামনেই তাঁকে গুলি করে খুন করে দুই যুবক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হলেন সাগর এবং প্রবীণ ওরফে মেন্ধক। পুলিশের দাবি, এই ঘটনায় মূল অভিযুক্ত হলেন নিশান্ত এবং অজয় নামে দুই যুবক। সাগর এবং প্রবীণের সাহায্য়ে তাঁরা কৃষাণকে খুন করেন। তবে বর্তমানে তাঁরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সম্প্রতি উত্তরপ্রদেশের মির্জাপুর স্টেশনে কাঁওয়ার যাত্রীদের হাতে নিগৃহীত হন এক সিআরপিএফ জওয়ান। ঘটনার ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে। যেখানে দেখা যায়, কাঁওয়ার যাত্রীদের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটির পর ওই জওয়ানকে লাথি-ঘুষি মারছেন কাঁওয়ারিরা। মারের চোটে মাটিতে পড়ে যান জওয়ান। ওই অবস্থাতেই চলতে থাকে মারধর। এই ঘটনায় তৎপর হয় আরপিএফ। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। এহেন ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সামনে আসতেই বিতর্ক চরম আকার নেয়।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!