সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও অভয়ারণ্যেই থাকে ক্যামেরা। যা প্রতিনিয়ত বন্যপ্রাণীদের গতিবিধির দিকে নজর রাখে। কিন্তু সেই ক্যামেরাই যদি মহিলাদের দিকে তাক করা হতে থাকে? এমনই ভয়াবহ অভিযোগ উঠল উত্তরাখণ্ডের করবেট ব্যাঘ্র সংরক্ষণ অরণ্যে। ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। উত্তরাখণ্ডের বন দপ্তর পুরো বিষয়টিই খতিয়ে দেখছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, জঙ্গলের পাশের গ্রামবাসীরা এবং বেশ কয়েকজন বনকর্মী মিলে বনে লাগানো ক্যামেরা তাক করে জঙ্গলে প্রবেশ করা মহিলাদের উপর নজরদারি চালাচ্ছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জঙ্গলে তদন্ত চালিয়ে দাবি করেছেন, কেবল ক্যামেরা নয়, ড্রোনও ব্যবহার করা হচ্ছে। আর এতে বিপণ্ণ বোধ করছেন জঙ্গলে প্রবেশ করা মহিলারা। বনমন্ত্রকের এক সিনিয়র আধিকারিক জানাচ্ছেন, এই বিষয়টি করবেট টাইগার রিজার্ভের ফিল্ড ডিরেক্টরকে ইমেল করা হলে তাঁর তরফে কোনও উত্তর দেওয়া হয়নি।
জানা যাচ্ছে, এক মহিলা জঙ্গলে শৌচকর্ম করতে গেলে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয়। পরে তা সোশাল মিডিয়াতেও আপলোড করা হয়েছিল। এপ্রসঙ্গে বলতে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক জানাচ্ছেন, ”ওই অঞ্চলটা এমনই যেখানে মহিলারা স্বাধীন ভাবে থাকতে পারেন। কিন্তু ক্যামেরার ফাঁদ পেতে এমনভাবে নজরদারি চালানো হচ্ছে যে তাঁরা বিপণ্ণ বোধ করছেন।”
উত্তরাখণ্ড মহিলা কমিশনের চেয়ারম্যান কুসুম কান্ডোয়াল জানিয়েছেন, তিনি করবেট অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টরকে চিঠি লিখেছেন। তাঁর কথায়, ”আমি ফিল্ড ডিরেক্টরকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছি। তাঁর কাছে আর্জি জানিয়েছি বিষয়টি নিয়ে তদন্ত করে দেখার জন্য।”
সর্বশেষ খবর
-
তালশাঁস তো ঢের খেয়েছেন, কিন্তু লস্যি থেকে পায়েস, সেরা ৩ সুস্বাদু রেসিপি জানেন?
-
‘বেকার বলে স্ত্রী, সন্তানের দায়িত্ব এড়াতে পারেন না স্বামী’, বলল দিল্লি হাই কোর্ট
-
হাওড়ায় তৃণমূল নেতার দলীয় অফিসে উদ্ধার বহু জাল ওষুধ! ড্রাগ কন্ট্রোল হানার পর ফাঁস চক্র
-
কাশীধামের আদলে সাজবে তারকেশ্বর মন্দির, পশ্চিমবঙ্গ দিবসে আসতে পারেন মোদি
-
‘ভালো তৃণমূল’ সমর্থনের উপহার! কাজল, চন্দ্রনাথ সহ বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বাড়াল রাজ্য