Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Amit Shah

বিরোধী দাবিকে মান্যতা দিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ, ‘আগ্রহ নেই’, প্রত্যাখান রাহুলের

বুধবার দুপুর ৩টে থেকে বৃহস্পতিবার বিকেল ৩টে, এই চব্বিশ ঘণ্টা সংসদে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সময়েই বিরোধীদের প্রশ্নের জবাব দিতে চান তিনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:৪৯

options
link
বিরোধী দাবিকে মান্যতা দিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ, ‘আগ্রহ নেই’, প্রত্যাখান রাহুলের zoom
ফাইল চিত্র।
Advertisement

বুধবার দুপুর ৩টে থেকে বৃহস্পতিবার বিকেল ৩টে, এই চব্বিশ ঘণ্টা সংসদে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সময়ে বিরোধী দলগুলির যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন তিনি। এভাবে আলোচনার প্রক্রিয়ার মাধ্যমে সংসদের অচলাবস্থা কাটাতে চান। বুধবার জানিয়েছেন শাহ (Amit Shah)। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, “তিনি (অমিত শাহ) কী বলবেন, তা নিয়ে আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই।”

নিট পরীক্ষার্থীদের উপর পুলিশি দমন-পীড়ন, রাম মন্দিরের অনুদান চুরি ইত্যাদি বিষয়ে আলোচনার দাবিতে বিরোধী সংসদে অচলাবস্থা তৈরি করছে। বাদল অধিবেশন বারবার মুলতুবি হয়েছে। এই অবস্থায় অমিত শাহর বক্তব্য, যে কোনও বিষয়ে আলোচনার জন্য আনুষ্ঠানিকভাবে একটি চিঠি জমা দিতে হবে। এরপরই সরকার সংসদে এই বিষয়ে বিতর্কে বসতে প্রস্তুত। বিরোধীদের উদ্দেশে শাহ বলেন, “একটি চিঠি লিখে জমা দিন। আমরা আজ বিকেল ৩টা থেকে বিষয়টি নিয়ে আলোচনা করব। আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত আমি।” 

Advertisement

রাহুল গান্ধী-সহ বিরোধীদের কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি যে কোনও প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।” এখন বিরোধী দলকেই সিদ্ধান্ত নিতে হবে তারা আলোচনা চায়, নাকি ক্রমাগত বিশৃঙ্খলা চালিয়ে যেতেই আগ্রহী। বিরোধী দলগুলি তাঁকে ‘নিখোঁজ’, ‘পলাতক’ বলে কটাক্ষ করেছিল। অভিযোগ অস্বীকার করে শাহ জানান, বর্ষাকালীন অধিবেশন শুরুর পর থেকেই তিনি নিয়মিতভাবে সংসদে যোগ দিচ্ছেন। নিট বিক্ষোভ দমন নিয়ে আলোচনার দাবির প্রেক্ষিতে তিনি বলেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আগেই স্পষ্ট করেছেন, সরকার এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পালটা অভিযোগ করেন, “তারা (বিরোধীরা) কোনও আলোচনা হতে দিচ্ছে না। এখন জনগণই সিদ্ধান্ত নিক কারা পালিয়ে বেড়াচ্ছে।”

অমিত শাহের আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছেন সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর সাফ কথা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনও ‘ভাষণ’ শোনার আগ্রহ নেই বিরোধীদের। বরং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কেন দমন-পীড়ন হল, তার জবাব দিতে হবে অমিত শাহকে। কংগ্রেস নেতার প্রশ্ন, “শিক্ষার্থীদের ওপর গুলি কে চালিয়েছিল? পেরেক-যুক্ত লাঠি দিয়ে শিক্ষার্থীদের পেটানোর নির্দেশ কে দিয়েছিল?”

রাহুল গান্ধী আরও বলেন, “আমাদের সন্তানদের ওপর গুলি চালানোর নির্দেশ যদি অমিত শাহই দিয়ে থাকেন, তবে তাঁর পদত্যাগ করা উচিত।” যোগ করেন, “গত ২০ দিন ধরে অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস নেই, তিনি সদনে আসতে পারছেন না।” উল্লেখ্য, গত ২০ জুলাই বর্ষাকালীন অধিবেশন শুরুর পর থেকেই বিরোধী দলগুলো দু’টি বিষয়ে সরকারকে কোণঠাসা করার সংকল্প নিয়েছে। নিট আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপ এবং রাম মন্দিরের অনুদানের চুরির ঘটনা। এছাড়াও আসন পুনর্বিন্যাস এবং বিদেশি অনুদান আইন নিয়েও অচলাবস্থা তৈরি হয়েছে সংসদের দুই কক্ষে। উভয়পক্ষই সমঝোতায় আসতে রাজি নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.