সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দিরের দেওয়াল চাপা পড়ে অন্ধ্রপ্রদেশে প্রাণ হারালেন ৮ জন পুণ্যার্থী। ভয়াবহ এই ঘটনা ঘটেছে বিশাখাপত্তনমের সিংহচলমে। শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে বার্ষিক চন্দনোৎসবম উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। ৮ মৃত্যুর পাশাপাশি আরও ৪জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজো দেওয়ার জন্য মন্দির চত্বরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন পুণ্যার্থীরা। সেই সময় রাত আড়াইটে নাগাদ মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে পুণ্যার্থীদের উপর। আকস্মিক এই ঘটনায় হুলুস্থুলু পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। চাপা পড়া পুণ্যার্থীদের উদ্ধারে নামেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বাকিদের উদ্ধার করা হলেও ৮ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৪জন। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অন্ধ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি।
তিনি বলেন, ৩০০ টাকার বিশেষ টিকিট কেটে বিশেষ দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন পুণ্যার্থীরা। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে। গতকাল রাত থেকে ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছে। অনুমান করা হচ্ছে, সেই জন্য মাটি ধসে গিয়ে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে তিন জন মহিলা। আহতদের উদ্ধার করে বিশাখাপত্তনমের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মন্ত্রীর পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলাশাসক হরেন্ধীর প্রসাদ ও পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচঈ-সহ অন্যান্য আধিকারিকরা।
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়