সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলে মিশেছে বিষ! সেই জল পান করে ৬ জনের মৃত্যু হল দক্ষিণের রাজ্য পুদুচেরিতে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে। এই ঘটনায় পুদুচেরির অল ইন্ডিয়া এনআর কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সেখানকার বিরোধী দল ডিএমকে, ডিএমকে-সহ সমাজকর্মীরা।
জানা গিয়েছে, গত ১০ সেপ্টেম্বর থেকে, পুদুচেরির অরলিনপেটের গোবিন্দসালাই এবং নেলিথোপের কিছু অংশের বাসিন্দদের বমি ও পেটের সমস্যার জেরে হাসপাতালে ভর্তি হতে হচ্ছিল। জলের জেরেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে নামেন স্থানীয়রা। তবে সরকারের তরফে বিষয়টিকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। এরইমাঝে সামনে আসে মৃত্যুর ঘটনা। এর পরই সরব হয় রাজনৈতিক দলগুলি। অভিযোগ করা হয়, সরকার যদি সময়ে পদক্ষেপ নিত তাহলে এই ঘটনা এড়ানো যেত। সরকারের গাফিলতিতেই এই ঘটনা বলে দাবি করা হয়। জলের বোতল হাতে নিয়ে স্থানীয় পূর্ত দপ্তর ঘেরাও করেন তার।
বিরোধী দলের নেতা সিবা বলেন, “তিন জন মারা গেলেন মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রী আক্রান্তদের সঙ্গে দেখা পর্যন্ত করলেন না। স্বচ্ছ পানিয়ের দাবিতে আমাদের এই আন্দোলন। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, গোটা দেশের মধ্যে কিডনি সংরান্ত সমস্যায় শীর্ষে পুদুচেরি। এখনও পর্যন্ত ওরা আমাদের জানায়নি এই বমি ও ডায়রিয়ার কারণ কী? আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। সব জায়গায় স্বচ্ছ পানীয় জল দিতে হবে। যাঁদের মৃত্যু হয়েছে সেই পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।”
স্থানীয় সমাজকর্মী জোস চার্লস বলেন, এই ঘটনার জেরে গত ৮ সেপ্টেমবর মৃত্যু হয়েছে পুসাই মুথু পার্বতী ও গোবিন্দস্বামী নামে তিন জনের। এরপর সম্প্রতি মৃত্যু হয়েছে সুলোচনা, শিবরাজ ও কালিয়াপেরুমলের। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করা তো দূর কেন মৃত্যু হয়েছে সেটাও স্পষ্টভাবে জানানো হয়নি সরকারের তরফে। দেহ ময়নাতদন্তও করা হয়নি।
হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় এক বাসিন্দা বলেন, “জলপানের পর আমাদের জ্বর, বমি এবং ডায়রিয়ার সমস্যা শুরু হয়। সম্ভবত মল-মূত্র জলে মিশে ওই জল বিষাক্ত হয়ে গেছে। প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি। বর্তমানে ৪০ জনেরও বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন। অথচ প্রশাসনের কেউ তাঁদের সঙ্গে দেখা করতে এলেন না।”
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি