Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Puri

পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ১! পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রশাসনের

জগন্নাথ-বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৭:০৭

options
link
পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ১! পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ প্রশাসনের zoom
Advertisement

রথযাত্রার শ্রীক্ষেত্র পুরীতে চেনা ভিড় এবারও। একটিবার প্রভুকে সচক্ষে দর্শন করার জন্য দেশ-বিদেশের লাখো লাখো ভক্ত ভিড় জমিয়েছেন পুরীতে। সেই বিপুল ভিড় ঠেলে নীলমাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান কমপক্ষে ১২০ জন পুণ্যার্থী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী, পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে অসুস্থদের দ্রুত উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

বৃহস্পতিবার রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ-বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। গরমের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা।

Advertisement

জগন্নাথ-বলরাম-শুভদ্রার রথের রশিতে টান দেওয়ার উদ্দেশে ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই বড় বিপত্তি ঘটে। ভক্তদের ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়ে যান তাঁরা। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থীই হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

রথযাত্রাকে কেন্দ্র করে আগাম সতর্ক ছিল ওড়িশা প্রশাসন। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে দমকল এবং চিকিৎসক টিমও। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য বিশেষ উদ্ধারপথও আগে থেকে তৈরি রাখা হয়েছিল। প্রশাসনের তরফে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার করে জগন্নাথ দর্শন এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। চলছে পুলিশের লাগাতার মাইকিং।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.