সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝরাতে হঠাৎ বন্ধ হাসপাতালের অক্সিজেন প্লান্ট। এই ঘটনার জেরে মৃত্যু হল ট্রমা সেন্টারে আইসিইউতে ভর্তি থাকা তিন রোগীর। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায় হাসপাতালে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছে রোগীর পরিজনরা। পাশাপাশি পাঞ্জাবে আপ সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থার অবনতির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস।
জানা গিয়েছে, রবিবার গভীর রাতের দিকে হঠাৎ বন্ধ হয়ে যায় হাসপাতালের অক্সিজেন প্লান্ট। যার জেরে ট্রমা কেয়ার সেন্টারের আইসিইউতে ভর্তি থাকা একজন সাপে কামড়ের রোগী, একজন টিবি ও ওষুধের ওভারডোজের জন্য হাসপাতালে ভর্তি থাকা তিন রোগীর মৃত্যু হয়। এরা তিনজনই অক্সিজেন সাপোর্টে ছিলেন। গোটা ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলে পালটা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অক্সিজেন প্লান্টে আগে থেকেই কিছু যান্ত্রিক ত্রুটি ছিল। দ্রুত আমরা সে ত্রুটি সংশোধন করেছি। যাঁদের মৃত্যু হয়েছে তাদের অবস্থা আগে থেকেই গুরুতর ছিল। অক্সিজেনের সমস্যা সমাধানের পর তাঁদের মৃত্যু হয়। ফলে এই মৃত্যু অক্সিজেনের অভাবে বলা ঠিক নয়। গোটা ঘটনার তদন্ত চলছে তার আগে এভাবে হাসপাতালের উপর দায় চাপানো ঠিক নয়।
অন্যদিকে মৃতের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন। গত ৭ দিন ধরে এই হাসপাতালে ভর্তি ছিলেন সাপের কামড়ে অসুস্থ রোগী অর্চনা। তার পরিবারের অভিযোগ, এর আগে একাধিকবার মেয়ের অক্সিজেন মেশিন বন্ধ হয়ে যাচ্ছিল। কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি। ওরা বিষয়টিকে গুরুত্বই দেয়নি। রবিবার রাতে ফের অক্সিজেন বন্ধ হয়ে যায়। যার জেরে অবস্থার অবনতি হয়ে মৃত্যু হয় মেয়ের।
এদিকে গোটা ঘটনায় আপ সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। আম আদমি পার্টি সরকারের ব্যর্থতা এবং পাঞ্জাবের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির জেরে হাসপাতালে রোগীর মৃত্যু হচ্ছে। ওরা স্বাস্থ্যবিপ্লবের কথা বলে, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। স্বাস্থ্য পরিষেবাকে উপরওয়ালার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালে অক্সিজেন পরিষেবা বন্ধ হওয়া কোনও ছোটখাটো ত্রুটি নয়, এটি একটি প্রশাসনিক অপরাধ।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?