সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম নম্বর পাওয়ায় পাশ করতে পারেনি সর্বভারতীয় নিটের মক টেস্টে। সেই কারণেই স্কুল শিক্ষক বাবার নির্মম অত্যাচারে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হল ১৭ বছরের এক কিশোরীর। মহারাষ্ট্রের সাংলি জেলার এমন ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সাধনা ভোঁসলে মহারাষ্ট্রের আটপাড়ির একটি স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ত। সর্বভারতীয় নিটে বসার প্রস্তুতি নিচ্ছিল সে। এর জন্য মক টেস্টও দিচ্ছিল। কিন্তু মক টেস্টে ভালো ফলাফল করতে না পারায় তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে পেশায় স্কুল শিক্ষক বাবা।
অভিযোগ, সাধনার খারাপ রেজাল্ট দেখে তার বাবা ধোন্দিরাম ভোঁসলে বকাবকি করতে থাকেন। এমন সময় সাধনা তার বাবাকে বলে, ‘তুমিও তো কম নম্বর পেয়েছিলে।’ আর এতেই রেগে যান ধোন্দিরাম। লাঠি দিয়ে মেয়েকে মারধর শুরু করেন তিনি। নির্মমভাবে মারার ফলে জ্ঞান হারিয়ে ফেলে সাধনা। স্ত্রীর বাধাকে উপেক্ষা করে মেয়েকে বেধড়ক মারেন ধোন্দিরাম। অজ্ঞান হয়ে পড়ে থাকলেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি সাধনাকে।
পরেরদিন সকালে অনেক ডাকাডাকির পরেও মেয়ে না উঠলে ভয় পেয়ে যান ধোন্দিরাম ও তাঁর স্ত্রী। তড়িঘড়ি মেয়েকে নিয়ে হাসপাতালে ছোটেন তাঁরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাধনার। যদিও হাসপাতালের চিকিৎসকদের কাছে মেয়ের শরীরে আঘাত নিয়ে মিথ্যে কথা বলেন পেশায় স্কুল শিক্ষক ধোন্দিরাম। চিকিৎসকদের তিনি জানান, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল মেয়ে। তবে ময়ানাতদন্তের রিপোর্টে দেখা যায় আঘাতের ফলে শরীরের ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে সাধনার। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেন ধোন্দিরামের স্ত্রী। এরপরই অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।
সর্বশেষ খবর
-
রুশ তেলবাহী জাহাজ চালানোয় ব্রিটেনে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন! ‘বলির পাঁঠা করা হয়েছে’, দাবি স্ত্রীর
-
ভারতে ভিনিদের ম্যাচ ‘বয়কটে’র ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার?
-
পঞ্চভূতে বিলীন হওয়ার ইচ্ছা, ধর্ম বদলে সমীরুদ্দিন হলেন সমীর
-
সলমন খানের জিমে ভয়াবহ আগুন, হতাহত নিয়ে কী জানাল পুলিশ?
-
৫০০ টাকা থেকে রাতারাতি ভাড়া ২ হাজার, দাঁও মারছে বেআইনি গেস্ট হাউসগুলিও! বিপাকে বাংলাদেশিরা