সারাদিন নিয়ম মেনে খেয়েছেন। কিন্তু রাতের খাবার শেষ হতেই মনে হচ্ছে, একটু মিষ্টি না খেলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ! চকোলেট, মিষ্টি, পায়েস বা মিষ্টি কোনও পানীয়ের প্রতি হঠাৎ তীব্র টানকে অনেকেই শরীরের কোনও পুষ্টির ঘাটতির সংকেত বলে মনে করেন। কিন্তু সত্যিই কি তাই?
মিষ্টির ইচ্ছে মানেই ম্যাগনেশিয়াম ঘাটতি?
এখন প্রায় সব ধরনের খাবারের ইচ্ছার পিছনে নির্দিষ্ট কোনও পুষ্টির ঘাটতি খুঁজে নেওয়ার প্রবণতা রয়েছে। চকোলেট খেতে ইচ্ছে করছে মানেই ম্যাগনেশিয়ামের অভাব, বরফ চিবোতে ইচ্ছে করলে আয়রনের ঘাটতি, নোনতা খাবারের প্রতি আকর্ষণ মানেই শরীরে কোনও সমস্যা।
আরও পড়ুন:
বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। রাতের খাবারের পর মিষ্টি খাওয়ার ইচ্ছার পিছনে অনেক কারণ একসঙ্গে কাজ করতে পারে। তার মধ্যে সারাদিনের খাবারের ধরন, ঘুম, মানসিক চাপ এবং দীর্ঘদিনের অভ্যাসও রয়েছে।
আরও পড়ুন:

সারাদিন কম খেলে রাতে মিষ্টির প্রতি টান বাড়ে?
সকালে ব্রেকফাস্ট বাদ পড়ল। দুপুরে ওজন কমানোর চেষ্টায় খাবারের পরিমাণ কমালেন। বিকেলে খিদে সামলাতে এক কাপ চা বা কফি। তারপর রাতে এসে পেট ভরে খাবার। এমন রুটিনে শরীর সারাদিনের ঘাটতি পুষিয়ে নিতে চাইতেই পারে। ফলে রাতের খাবারের পর মিষ্টি বা দ্রুত শক্তি দেয় এমন খাবারের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে।
খাবারের পর মিষ্টি, হতে পারে অভ্যাসও
সব সময় শারীরিক কারণও নয়। ছোটবেলা থেকেই অনেকের খাবার শেষ করার সঙ্গে মিষ্টি খাওয়ার অভ্যাস তৈরি হয়। দুপুরে একটু মিষ্টি, চায়ের সঙ্গে বিস্কুট বা রাতের খাবারের পর এক চামচ পায়েস।
ধীরে ধীরে মস্তিষ্ক খাবারের শেষে সেই ‘মিষ্টি পুরস্কার’-এর অপেক্ষা করতে শেখে। তখন পেট ভরা থাকলেও মনে হতে পারে, মিষ্টি না খেলে খাওয়াটা যেন অসম্পূর্ণ থেকে যায়।

প্লেটে কী আছে, নজর দিন
রাতের খাবারে ভাত, রুটি বা অন্য কার্বোহাইড্রেট থাকতেই পারে। সমস্যা খাবারগুলিতে নয়, বরং পুরো খাবারটি কতটা ভারসাম্যপূর্ণ, সেটাই গুরুত্বপূর্ণ। প্রোটিন ও ফাইবার পর্যাপ্ত না থাকলে খাবারে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে না। ফলে খাওয়ার পরও কিছু একটা খাওয়ার ইচ্ছে হতে পারে। আর সেই ‘কিছু একটা’ অনেক সময় মিষ্টি হয়ে ওঠে।
ঘুম কম, মিষ্টির টান বেশি?
সারাদিনের মানসিক চাপ এবং ক্লান্তিও মিষ্টির প্রতি আকর্ষণ বাড়াতে পারে। অত্যন্ত ব্যস্ত বা মানসিকভাবে ক্লান্ত দিনের শেষে মস্তিষ্ক দ্রুত আরাম ও আনন্দ দেয় এমন খাবার চাইতে পারে। মিষ্টি সেই চাহিদা মেটানোর সহজ পথ হয়ে ওঠে।
ঘুমের অভাবও বিষয়টিকে আরও জটিল করে। কয়েক রাত ঠিকমতো না ঘুমোলেই খিদে ও তৃপ্তি নিয়ন্ত্রণকারী হরমোনের উপর প্রভাব পড়তে পারে। বাড়তে পারে মিষ্টি বা অত্যন্ত সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণ।

ম্যাগনেশিয়াম কি একেবারেই দায়ী নয়?
ম্যাগনেশিয়াম অবশ্যই শরীরের জন্য গুরুত্বপূর্ণ। শরীরের কয়েকশো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় এই খনিজের ভূমিকা রয়েছে। গ্লুকোজের বিপাক এবং ইনসুলিনের কার্যকারিতার সঙ্গেও এর সম্পর্ক রয়েছে।
তবে রাতের খাবারের পর মিষ্টি খেতে ইচ্ছে করলেই শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়। একটি নির্দিষ্ট খাবারের প্রতি আকর্ষণকে একটি মাত্র পুষ্টির ঘাটতির সঙ্গে জুড়ে দেওয়া বিষয়টিকে অযথা সরল করে দেয়।
তাই আগে নিজেকেই প্রশ্ন করুন
মিষ্টি খেতে ইচ্ছে করলেই সাপ্লিমেন্ট খাওয়া শুরু করার আগে বরং দেখুন, সারাদিনের খাবার ঠিকঠাক হয়েছে কি না। পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার খাচ্ছেন কি না। ঘুম হচ্ছে কি না। দিনের বেশির ভাগ সময় মানসিক চাপে কাটছে কি না। নাকি বহুদিনের অভ্যাস থেকেই খাবারের পর মিষ্টি খুঁজছেন।
কারণ অনেক সময় মিষ্টির প্রতি টানটাই আসল সমস্যা নয়। তার আগে কী ঘটেছে, সেটাই আসল সূত্র। আর মিষ্টি খেতে ইচ্ছে করেছে বলে নিজেকে দোষী ভাবারও কারণ নেই। এর অর্থ আপনার ইচ্ছাশক্তি দুর্বল নয়, বিপাকক্রিয়াও ‘নষ্ট’ হয়ে যায়নি।
কখনও মিষ্টির টান খাবারের ভারসাম্যের অভাবের ইঙ্গিত, কখনও অভ্যাস বা ক্লান্তির ফল। আর কখনও? স্রেফ মিষ্টি খেতে ইচ্ছে করেছে বলেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী
-
অভিষেক, ডেরেকের পর সুমিত! ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাংসদের পিএ-কে নোটিস পুলিশের
-
ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল হাতাল আমেরিকা! ‘ইতিহাসের সবচেয়ে বড় ডিল’, বললেন ট্রাম্প
-
প্রতি লেনদেনেই নিশ্চিত ক্যাশব্যাক, সরাসরি ঢুকবে অ্যাকাউন্টে, Navi অ্যাপেই কেল্লাফতে!